কলকাতা: বিরিয়ানি প্রেমীদের জন্য দুঃসংবাদ! এবার মন ভরে বিরিয়ানি খেতে গেলে পকেটে বাড়তি টান পড়তে পারে। বাণিজ্যিক গ্যাস বা কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কলকাতা ও শহরতলির নামী বিরিয়ানি রেস্তোরাঁ মালিকদের। বারাকপুরের বিখ্যাত 'দাদা-বৌদি' থেকে শুরু করে পার্কসার্কাসের 'আর্সালান' - সর্বত্রই এখন দাম বাড়ানো নিয়ে চলছে জোর জল্পনা!
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৪ টাকা বেড়ে যাওয়ায় কলকাতায় বর্তমানে একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে প্রায় ৩,২০২ টাকা। অথচ, কয়েক মাস আগেও এই দাম ছিল ২,০০০ টাকার নীচে। আচমকা এই অগ্নিমূল্য সিলিন্ডারের কারণে নাভিশ্বাস উঠছে হোটেল ব্যবসায়ীদের।
দাদা-বৌদি বিরিয়ানি: বারাকপুরের এই জনপ্রিয় দোকানের কর্ণধার রাজীব সাহা বিরক্তি প্রকাশ করে জানান, "একবারে হাজার টাকা দাম বাড়লে ব্যবসা চালানো মুশকিল। আমাদের কর্মচারীদের বেতন-সহ অনেক খরচ থাকে। টাকা ছাপানোর মেশিন তো নেই। তাই অদূর ভবিষ্যতে বিরিয়ানির দাম বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই।"
আর্সালান: পার্কসার্কাস শাখার ম্যানেজার মোজাম্বিল হক জানিয়েছেন, গ্যাসের পাশাপাশি মশলাপাতির দামও আকাশছোঁয়া। মালিকপক্ষের তরফে এখনও চূড়ান্ত নির্দেশ না এলেও, খরচ যে হারে বাড়ছে তাতে দাম না বাড়িয়ে উপায় নেই।
উজ্জ্বল দার বিরিয়ানি: শহরতলির ভাইরাল বিরিয়ানি বিক্রেতা উজ্জ্বল সাহা অবশ্য কিছুটা নমনীয়। তিনি জানান, আপাতত সাধারণ মানুষের কথা ভেবে পকেটের টাকা গচ্চা দিয়েও পুরোনো দাম বজায় রাখবেন। তবে পুজোর সময় দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনিও।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার কারণেই বাণিজ্যিক গ্যাসের এই দাম বৃদ্ধি। তবে আমজনতার প্রশ্ন, এক প্লেট বিরিয়ানির জন্য যদি ২০-৫০ টাকা বেশি গুনতে হয়, তবে রসনাতৃপ্তিতে ছেদ পড়বে না তো?
এখন দেখার, শেষ পর্যন্ত ভোজনরসিকদের কথা ভেবে রেস্তোরাঁগুলি দাম নিয়ন্ত্রণে রাখে নাকি তপ্ত কড়াইয়ের আঁচ সরাসরি গিয়ে পড়ে সাধারণ মানুষের পকেটে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন