সই-জালিয়াতি মামলার তদন্তে নতুন মোড়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকে একই দিনে হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি। রবিবার তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী মহলের একাংশের অনুমান।
সূত্রের খবর, বিরোধী দলনেতা নির্বাচনের জন্য বিধানসভায় জমা পড়া একটি প্রস্তাবপত্রে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে ওঠা অভিযোগের তদন্ত করছে সিআইডি। সেই মামলাতেই বৃহস্পতিবার টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ফের তাঁকে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।
অন্যদিকে, কুণাল ঘোষকেও একই মামলায় রবিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে এবং বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কি না তা যাচাই করতেই আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এই পরিস্থিতিতে অভিষেক ও কুণালকে মুখোমুখি বসিয়ে প্রশ্নোত্তর পর্ব হতে পারে বলেই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
যদিও সিআইডির তরফে মুখোমুখি জিজ্ঞাসাবাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একই দিনে দুই গুরুত্বপূর্ণ তৃণমূল নেতাকে তলব ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন