তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। নির্বাচনী প্রচারের একটি বক্তব্য ঘিরে নতুন করে চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী সঞ্জয় সিংহল।
অভিযোগ, প্রচার মঞ্চ থেকে দেওয়া অভিষেকের কিছু মন্তব্য ছিল উস্কানিমূলক, যা নিয়ে আইনি পদক্ষেপের আবেদন জানানো হয়েছে।অভিযোগকারীর দাবি, নির্বাচনী প্রচারে অভিষেকের একাধিক বক্তব্য সমাজের বিভিন্ন অংশের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে। সেই কারণেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে।
ডিজে-মন্তব্য ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও ভোটপ্রচারে দেওয়া একই মন্তব্যকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং জনশান্তি বিঘ্নিত করার অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। প্রথমে বিধাননগর সাইবার থানার হাতে তদন্ত থাকলেও পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। সেই মামলার সূত্রেই শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিল সিআইডি। এবার একই ‘ডিজে-মন্তব্য’কে কেন্দ্র করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় দায়ের হল আরও একটি নতুন অভিযোগ। এই নতুন অভিযোগ তদন্তে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন