দেশের রাজধানীতে ফের খাকি উর্দির বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। দিল্লির দ্বারকা এলাকায় তুচ্ছ বিবাদের জেরে এক ফুড ডেলিভারি কর্মীকে প্রকাশ্যে গুলি করার অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে জাফরপুর কালান এলাকায় রূপেশ নামে এক ব্যক্তির ছেলের জন্মদিনের অনুষ্ঠান শেষে যখন অতিথিরা বাড়ির ফেরার তোড়জোড় করছিলেন, তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
অভিযোগ, রাত ২টো নাগাদ মোটরবাইকে বসে গল্প করার সময় নীরাজ নামে এক পুলিশকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে বচসা বাধে ফুড ডেলিভারি কর্মী পাণ্ডব কুমারের। বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে নিজের বন্দুক বের করে পাণ্ডবকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন ওই পুলিশকর্মী।
পুলিশি তাণ্ডবের ভয়াবহতা এতটাই ছিল যে, একটি বুলেট পাণ্ডবের বুক ফুঁড়ে বেরিয়ে তাঁর ঠিক পিছনেই বসে থাকা অন্য এক বন্ধুর পেটে গিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পাণ্ডবকে মৃত বলে ঘোষণা করেন।
অন্য যুবকটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মী নীরাজকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। উৎসবের মেজাজ যে এমন চরম ট্র্যাজেডিতে শেষ হবে, তা কল্পনাও করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় দিল্লির আইন-শৃঙ্খলা ও পুলিশি মানসিকতা নিয়ে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন