তিহাড় জেলের খাবার তাঁর পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না। জেলের খাবার অত্যন্ত ঝাল, তেলতেলে এবং ডিপ-ফ্রাই করা বলে অভিযোগ তুলে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছেন আমেরিকার নাগরিক ও অভিযুক্ত ভাড়াটে যোদ্ধা ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক। আদালতের কাছে তাঁর আর্জি, তাঁকে সীমিত পরিসরে নিজের খাবার নিজে রান্না করার অনুমতি দেওয়া হোক। তাঁর দাবি, বর্তমানে তিনি কার্যত শুধু সয়া মিল্ক খেয়েই দিন কাটাচ্ছেন।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) তদন্তে মায়ানমারের জঙ্গি প্রশিক্ষণ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া ভ্যানডাইক বর্তমানে তিহাড় জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে তাঁর আইনজীবীর তরফে দায়ের করা আবেদনে জানানো হয়েছে, গত ৬ মে থেকে তিনি জেলের সাধারণ খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন।
আবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় খাবারের সঙ্গে তিনি অভ্যস্ত নন। তিহাড়ে যে খাবার দেওয়া হচ্ছে, তা অত্যন্ত ঝাল, তেলতেলে এবং অতিরিক্ত মশলাযুক্ত হওয়ায় তাঁর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। পর্যাপ্ত পুষ্টি না পাওয়ায় তিনি মূলত সয়া মিল্কের উপর নির্ভর করছেন। দীর্ঘদিন এভাবে চললে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
ভ্যানডাইকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তিনি সাধারণ ও স্বাস্থ্যকর খাবার খেতে চান। তাঁর খাদ্যতালিকায় পাস্তা, অলিভ অয়েল, চিকেন, মাছ এবং কম মশলাযুক্ত খাবার রাখার অনুমতি চাওয়া হয়েছে। তাঁর দাবি, এই ধরনের খাবার তাঁর শারীরিক প্রয়োজন এবং খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভ্যানডাইকের আইনজীবীর আরও দাবি, ভারতীয় খাবার হজম না হওয়ার কারণে তিনি একপ্রকার অনাহারেই রয়েছেন। এর জেরে গত ৫০ দিনে তাঁর প্রায় ১৪ কেজি ওজন কমে গিয়েছে বলেও আদালতে দাবি করা হয়েছে। অন্যদিকে, এই আবেদনের বিরোধিতা করেছে NIA। তদন্তকারী সংস্থার বক্তব্য, তিহাড় জেলে সব বন্দির জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। কোনও বন্দিকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা জেলের বিধি লঙ্ঘনের সামিল হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে ম্যাথিউ অ্যারন ভ্যানডাইককে গ্রেপ্তার করে NIA। অভিযোগ, তিনি মায়ানমারে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভারত-বিরোধী কার্যকলাপেও যুক্ত ছিলেন। সেই মামলার তদন্ত এখনও চলছে এবং তিনি বিচারাধীন অবস্থায় তিহাড় জেলে বন্দি রয়েছেন।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন