Hidden Stories (বাংলা)

গণনার ঠিক আগের দিন এনআইএ-র তলব! সুজাপুরের তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব

মালদহ: ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থা ও ঘেরাও করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট-সহ জেলার একাধিক দাপুটে তৃণমূল নেতাকে তলব করল কেন্দ্রীয় সংস্থা। রবিবার দুপুর ১২টার মধ্যে তাঁদের কালিয়াচক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার গভীর রাতে এনআইএ-র নোটিস পৌঁছায় তৃণমূল নেতাদের বাড়িতে। তলব করা হয়েছে সুজাপুরের তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট এবং মালদহ জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমানকে। কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকে।ঘটনাটি ঘটেছিল গত মাসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলাকালীন। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত সাত জন বিচারবিভাগীয় আধিকারিক যখন মোথাবাড়িতে এসআইআর তালিকার নিষ্পত্তির কাজ করছিলেন, তখন তাঁদের ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, গভীর রাত পর্যন্ত বিচারকদের কালিয়াচক-২ ব্লক অফিসে আটকে রেখে হেনস্থা করা হয়েছিল। এই ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে এনআইএ।রাজ্য পুলিশের সিআইডি ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম-সহ ৫২ জনকে গ্রেফতার করেছে। তবে গণনার ঠিক আগের দিন তৃণমূলের নির্বাচনী এজেন্টকে তলব করায় কালিয়াচক ও সুজাপুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। তৃণমূলের অভিযোগ, গণনার দিন কর্মীদের মনোবল ভেঙে দিতেই চক্রান্ত করে এই পদক্ষেপ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থার দাবি, তদন্তের স্বার্থেই এই জিজ্ঞাসাবাদ জরুরি।সোমবার ফলাফল ঘোষণার আগে এনআইএ-র এই সক্রিয়তা মালদহের রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।হিডেন স্টোরিজ নিউজ

গণনার ঠিক আগের দিন এনআইএ-র তলব! সুজাপুরের তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার