কলকাতা: জুনের খরা কাটিয়ে জুলাইয়ের শুরুতেই স্বমহিমায় ফিরছে বর্ষা। তবে এবার সে একা নয়, সঙ্গে জোট বেঁধেছে গভীর নিম্নচাপ। আর এই জোড়া ফলার প্রভাবে আজ, শুক্রবার থেকেই ওলটপালট হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির মেঘলা আকাশ আর ভোরের বৃষ্টি জানান দিচ্ছে যে, আগামী কয়েকটা দিন বেশ কঠিন হতে চলেছে আমজনতার জন্য। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত বাংলাজুড়ে জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল-হলুদ সতর্কতা।
আবহাওয়া বিজ্ঞানীদের মতে, এই নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে প্রলয়ঙ্করী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাদ পড়বে না পশ্চিমাঞ্চলও; পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামেও বৃষ্টির দাপট একধাক্কায় অনেকটাই বাড়বে। আবহাওয়া দফতরের অনুমান, কোনো কোনো জেলায় একদিনেই প্রায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একদিকে যেমন এই বৃষ্টি ধান চাষের জন্য আশীর্বাদ হয়ে নামবে, অন্যদিকে তেমনই তৈরি হতে পারে চরম ভোগান্তি। নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা প্রবল।
তিলত্তমার বুকেও আগামী রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু বৃষ্টিই নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সমুদ্রে প্রবল জলস্ফীতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে নদীপথে মাইকিং শুরু হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা ইতিপূর্বে সমুদ্রে গিয়েছিলেন, তাঁদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই বন্দরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির দাপট, তখন উত্তরবঙ্গের বালুরঘাটে আত্রেয়ী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে নদী ভাঙনের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বাসিন্দাদের। নদীর তীব্র গ্রাসে ইতিমধ্যেই তলিয়ে যেতে শুরু করেছে ডাঙ্গি ফরেস্টের বহু সরকারি গাছ। স্থানীয় মানুষের আশঙ্কা, প্রশাসন দ্রুত কোনো স্থায়ী পদক্ষেপ না নিলে আগামীদিনে তাঁদের ঘরবাড়ি ও কৃষিজমিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও, ঠিক সেদিন থেকেই ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন