সন্দেশখালি: একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও চিকিৎসা পাওয়ার জন্য এমন অমানবিক ও হাড়হিম করা লড়াই লড়তে হতে পারে, তা ভাবাই যায় না। বর্ষার শুরুতেই ধুয়ে গিয়েছে রাস্তার অস্তিত্ব, কাদার স্তূপ ঠেলে গ্রামে ঢোকার ক্ষমতা নেই কোনো গাড়ির। অগত্যা নিরুপায় হয়ে এক মুমূর্ষু রোগীকে চটের বস্তায় পুরে, বাঁশে ঝুলিয়ে মাইলের পর মাইল হেঁটে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন পরিবারের সদস্যরা। এমনই এক মর্মান্তিক ও আদিম যুগের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে খবরের শিরোনামে থাকা উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। এই ঘটনার ভিডিও ও ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্থানীয় প্রশাসন ও শাসকদলের বেপরোয়া দুর্নীতিকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা-রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের বাসিন্দা ওই ভুক্তভোগী পরিবারটি। এই এলাকার প্রায় ২০ থেকে ৩০টি পরিবারের যাতায়াতের জন্য একটিই মাত্র ইটের রাস্তা রয়েছে, যা বছরের পর বছর ধরে পুরোপুরি বেহাল। গ্রামবাসীদের অভিযোগ, ২০০৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় 'আয়লা'র পর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে এই রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। তার ওপর সাম্প্রতিক সময়ে রাস্তার লাগোয়া পুকুরগুলি থেকে অপরিকল্পিতভাবে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ার ফলে রাস্তার একটা বড় অংশ ধসে গিয়েছে। বিভিন্ন জায়গায় পথ এতটাই সরু ও বিপজ্জনক হয়ে পড়েছে যে শুকনো দিনেই সেখানে পা ফেলা দায়, আর বর্ষা নামতেই তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রামের এক বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডাকা হয়। কিন্তু রাস্তার এই কঙ্কালসার দশার কারণে গ্রামের মুখে এসেও ঢুকতে পারেনি গাড়িটি। রোগীর অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হতে থাকায় আর সময় নষ্ট না করে পরিবারের লোকেরা চটের বস্তা ও বাঁশ দিয়ে একটি অস্থায়ী দোলা তৈরি করেন। এরপর সেই ঝুলন্ত বস্তার ভেতরে রোগীকে বসিয়ে কাঁধে করে অতি কষ্টে কাদার রাস্তা পার করে হাসপাতালে নিয়ে যান। এই অমানবিক দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হতেই মুখ খুলেছেন সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার। তিনি জানান, সন্দেশখালির একাধিক বেহাল রাস্তা সংস্কারের জন্য তিনি ইতিমিধ্যেই সরকারের কাছে লিখিত প্রস্তাব পাঠিয়েছেন। এই সুনির্দিষ্ট এলাকাটিতে ঠিক কী ঘটেছে তা তিনি নিজে খোঁজ নিয়ে দেখবেন এবং রাস্তাটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন