কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভাকে ঘিরে তীব্র উত্তেজনা। এবার বিক্ষোভ, কালো পতাকা এবং ডিম ছোড়ার অভিযোগের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ঘটনাটি নিয়ে তিনি নিজেই ফেসবুক লাইভ করে অভিযোগ জানান এবং একাধিক ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেন।
বুধবার নদিয়ার কালীগঞ্জের পলাশিতে তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে একটি দলীয় কর্মিসভা ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, কর্মিসভা চলাকালীনই বাড়ির বাইরে কালো পতাকা হাতে জড়ো হন একদল বিক্ষোভকারী। শুরু হয় 'গো ব্যাক' স্লোগান। এরপরই জানলার দিকে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। মহুয়ার দাবি, সেই ডিম তাঁর গায়েও লাগে। ঘটনার সময় ফেসবুক লাইভে এসে মহুয়া বলেন, "রাজ্যে সরকার বদলের পর আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন নির্বিকার। বিজেপির কর্মীরা আমাদের ঘেরাও করে রেখেছে। আমাদের উপর হামলার চেষ্টা করা হচ্ছে।" তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সাধারণ মানুষ নন, তাঁরা সকলেই বিজেপির কর্মী।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, পুলিশ প্রথমে কার্যত নিষ্ক্রিয় ছিল। প্রসঙ্গত, মহুয়া মৈত্রকে ঘিরে এই ধরনের বিক্ষোভ এই প্রথম নয়। গত ১৩ জুন কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলার শুনানিতে হাজিরা দিতে গেলে আদালত চত্বরে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সময়ও মহুয়া অভিযোগ করেছিলেন, তাঁকে পরিকল্পিতভাবে হেনস্তা করা হচ্ছে। পাল্টা তিনি জানিয়েছিলেন, প্রয়োজন হলে থানার পাশাপাশি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন