নয়াদিল্লি: রাজ্য রাজনীতিতে এবার সবচেয়ে বড় ও নজিরবিহীন মহাবিস্ফোরণ! পরিষদীয় দলের পর এবার খোদ তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ঘটে গেল ঐতিহাসিক ভাঙন। সমস্ত জল্পনা ও গুঞ্জনকে সত্যি করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ সাংসদরা। আর সেই তালিকায় যে নামটি দেখে গোটা বাংলার চোখ কপালে উঠেছে, তিনি আর কেউ নন— মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন, টলিউডের মেগাস্টার তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)। তৃণমূলের হাত ছেড়ে এবার সরাসরি এনডিএ জোটে শামিল হতে চলেছেন তিনি, যা বকলমে বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ারই শামিল। দিল্লির দরবারে দেবের এই বেনজির শিবির বদল ঘিরে দেশীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
সোমবার দিল্লির রাজনৈতিক অলিন্দে এই নাটকীয় পটপরিবর্তনের আসল চিত্রনাট্যটি তৈরি হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে প্রায় ১২ জন ‘বেসুরো’ তৃণমূল সাংসদকে নিয়ে একটি অত্যন্ত গোপন ও রুদ্ধদ্বার বৈঠক চলছিল। সেখানে নীল শার্ট পরিহিত অবস্থায় হাজির থাকতে দেখা যায় অভিনেতা-সাংসদ দেবকে। রাজনৈতিক সূত্রের খবর, এই চরম পদক্ষেপ নেওয়ার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ রফা ও গোপন কথাবার্তা সম্পূর্ণ সেরে ফেলেছিলেন ঘাটালের সাংসদ। শুভেন্দুর সবুজ সঙ্কেত মেলার পরই দিল্লির এই মেগা বৈঠকে যোগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন টলিউডের এই সুপারস্টার।
মেগাস্টার দেবের এই আকস্মিক দলবদলের নেপথ্যে উঠে আসছে এক মারাত্মক কারণ, যার নাম ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। একটু পিছন ফিরে তাকালে মনে পড়বে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই দেব সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ভোটে দাঁড়াতে চান না। কারণ, ঘাটালের মানুষকে বন্যা থেকে বাঁচাতে যে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের স্বপ্ন তিনি দেখেছিলেন, পূর্বতন মমতা সরকারের আমলে তার কানাকড়িও পূরণ হয়নি। সেই ক্ষোভেই তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চেয়েছিলেন। এর পর ২০২৩ সালের কালীপুজোর পরদিন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে কালীঘাটের বাড়িতে ডেকে আদর করে দধিকর্মা খাইয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আড়াইশো কোটি টাকা বরাদ্দের লিখিত প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফের প্রার্থী হতে রাজি করান। কিন্তু বছর ঘুরে গেলেও সেই প্রতিশ্রুতি কেবল কাগজেই থেকে যায়, কাজের কাজ কিছুই হয়নি।
ভোট পরবর্তী অধ্যায়ে বঙ্গে ক্ষমতার ভোলবদলের পর দেব স্পষ্ট বুঝতে পারেন যে, দিল্লির মোদি সরকারের সাহায্য ছাড়া বন্যাপ্রবণ ঘাটালকে বাঁচানো অসম্ভব। ঘাটালবাসীকে দেওয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে এবং মাস্টার প্ল্যানকে বাস্তবে রূপ দিতেই শেষমেশ বাধ্য হয়ে এনডিএ-র শরণাপন্ন হলেন দেব, রাজনৈতিক মহলের একাংশের দাবি অন্তত এমনটাই। দলবদলু সাংসদদের এই তালিকায় দেবের অন্তর্ভুক্তি একদিকে যেমন তৃণমূলের জন্য সবচেয়ে বড় ধাক্কা, তেমনই অন্যদিকে উত্তর ও দক্ষিণবঙ্গে বিজেপির ভিতকে আরও কয়েক গুণ মজবুত করে তুলল। এখন দেখার, এনডিএ শিবিরে যোগ দিয়ে দেব তাঁর আজীবনের স্বপ্ন ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ সফল করতে পারেন কি না।
#Dev #WestBengalPolitics #SuvenduAdhikari #TMCRebels #GhatalMasterPlan #Tollywood #NDAJolt #NewDelhiMeeting #HiddenStoriesNews
@Ankita Ghosh HSN @Debanwita HSN

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন