কলকাতা: বাংলায় অভূতপূর্ব রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এক মহাসম্মেলনের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে দিল্লির দরবারে। দিল্লির অলিন্দে কান পাতলে এখন থেকেই শোনা যাচ্ছে এক জল্পনা— এবারের পুজোয় কলকাতায় পা রাখতে চলেছে কেন্দ্রের একঝাঁক হেভিওয়েট নেতৃত্ব।
ষষ্ঠী ও সপ্তমীর দিনগুলিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিলোত্তমায় উপস্থিত থাকতে পারেন। শুধু তাই নয়, কলকাতার কোনো একটি নামী মণ্ডপে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নিজে পুষ্পাঞ্জলিও দিতে পারেন বলে বিশেষ সূত্রে খবর। তবে উৎসবের এই আন্তর্জাতিক আবহেও পুজোর আদি, চিরন্তন ও সনাতন রীতিনীতিতে কোনো রকম বদল আনা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতারা।
বিগত কয়েক বছর ধরে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে দেখা গেছে অমিত শাহকে। ওই পুজোর অন্যতম প্রধান কর্মকর্তা তথা বিজেপি বিধায়ক সজল ঘোষ এই প্রসঙ্গে জানান, দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর প্রধানমন্ত্রী যদি শহরের পুজোর উদ্বোধন করতে আসেন, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও পুজো উদ্বোধনের রীতির দিকে ইঙ্গিত করে সজল কিছুটা কটাক্ষের সুরে বলেন, “প্রধানমন্ত্রী কিন্তু বিগত মুখ্যমন্ত্রীর মতো অলিগলিতে ঘুরে ঘুরে ফিতে কাটবেন না। তাঁর এই উপস্থিতি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়স্পর্শী।” রাজ্যে প্রথমবার বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, এবারের দুর্গাপুজোকে এক সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।
বাংলার পুজোকে আন্তর্জাতিক আঙিনায় আরও বড় আকারে মেলে ধরতে এবার একটি বিশেষ রূপরেখা তৈরি করছে বিজেপি। আর এই মহৎ কাজে যুক্ত করা হতে পারে ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ নামক শাখা সংগঠনটিকে। ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বর্তমানে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই শক্তিশালী নেটওয়ার্ককে কাজে লাগিয়েই বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিত্ব, আন্তর্জাতিক স্তরের তারকা এবং রাষ্ট্রনেতাদের পুজো উপলক্ষে বাংলায় নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের।
ইউনেস্কো (UNESCO) কলকাতার দুর্গাপুজোকে ইতিমধ্যেই ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর তকমা দিয়েছে, এবার পুজো উদ্যোক্তাদের একাংশের ইচ্ছা, বাংলার এই চিরন্তন উৎসব আক্ষরিক অর্থেই সর্বোচ্চ আন্তর্জাতিক মর্যাদা পাক, যেখানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। গত বছর দিল্লির বাঙালি পাড়ায় পুজো কাটালেও, এবার দুর্গাপুজোর আসল ‘মক্কা’ কলকাতায় মোদীর আসা নিয়ে ইতিমধ্যেই আমবাঙালির মধ্যে পারদ চড়তে শুরু করেছে।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন