গোঘাট: রাজ্যে নতুন সরকার গঠনের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সকালে গোঘাটের নকুণ্ডার কোটা এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনের একটি ড্রেন থেকে উদ্ধার হয় সহদেব বাগ (৫০) নামের ওই নেতার নিথর দেহ। দেহের পাশেই পড়ে থাকতে দেখা যায় রক্তমাখা একটি কাঠের মুগুর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সহদেব বাগের স্ত্রী চায়না বাগ স্থানীয় কুণ্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্যা। পরিবারের অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকার বিজেপি কর্মীরা সহদেবকে হুমকি দিচ্ছিল। শনিবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। রবিবার সকালে পার্টি অফিসের পেছনে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক অনুমান, ভারী মুগুর দিয়ে পিটিয়েই তাঁকে খুন করা হয়েছে!
মৃতের স্ত্রী চায়না বাগের দাবি, "নির্বাচনে জয়ের পর থেকেই ওরা শাসাচ্ছিল। আমার স্বামীকে বিজেপি তুলে নিয়ে গিয়ে খুন করেছে। আমি দোষীদের কঠোর শাস্তি চাই।" তৃণমূল নেতা শশাঙ্ক ধকও সরাসরি গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলেছেন। তাঁর দাবি, এলাকায় সন্ত্রাস কায়েম করতেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
অন্যদিকে, খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেত্রী দোলন দাসের দাবি, "বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়। এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের পরিণাম হতে পারে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনুক।" ঘটনার খবর পেয়েই গোঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন