কলকাতা: রাজ্যে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ দেড় দশক পর বাংলা শাসনের চাবিকাঠি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে গিয়েছে শুভেন্দু অধিকারীর হাতে। আজ শনিবার, যখন ব্রিগেড ময়দানে উৎসবের আমেজে চলছিল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, ঠিক তখনই কলকাতা পুরনিগমের অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা। জানা গিয়েছে, শুভেন্দুর শপথের দিন সকালেই পুরনিগমের দুটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আচমকা ‘লিভ’ করেছেন মেয়র ফিরহাদ হাকিম!
পুরনিগম সূত্রে খবর, ওয়ার্ডভিত্তিক কাজকর্ম পরিচালনা এবং কর্মীদের দ্রুত নির্দেশ দেওয়ার জন্য মেয়রের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। শনিবার সকালে কর্মীরা লক্ষ্য করেন, কোনও আগাম বার্তা ছাড়াই সেই গ্রুপগুলি থেকে বেরিয়ে গিয়েছেন মেয়র। যেখানে নতুন সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা, সেখানে মেয়রের এই আচরণে ধন্দে পড়েছেন পুরনিগমের আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মীরাও। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক মহলের মতে, এই গ্রুপ ত্যাগ নিছক কোনও সাধারণ ঘটনা নয়। বরং, এর নেপথ্যে থাকতে গভীর রাজনৈতিক সমীকরণ। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কলকাতার ১০০-টিরও বেশি ওয়ার্ডে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। সিঁথি থেকে জোকা, টালিগঞ্জ থেকে গড়িয়া — সর্বত্রই ফুটেছে পদ্মফুল। সাধারণ মানুষ তৃণমূলের প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মোদী তথা বিজেপির উপর আস্থা রেখেছেন।
এদিকে, আগামী ডিসেম্বর মাসেই কলকাতা পুরনিগমের ভোট হওয়ার কথা। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মেয়াদ শেষ হওয়ার আগেই বর্তমান পুরবোর্ড ভেঙে দেওয়া হতে পারে। ফলত, পুরভোট এগিয়ে আসার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, মেয়রের এই সরে দাঁড়ানো কি তবে পরাজয় স্বীকার নাকি বড় কোনও রাজনৈতিক সিদ্ধান্তের পূর্বাভাস?
বিজেপির ঝোড়ো জয়ের আবহে ফিরহাদ হাকিমের হোয়াট্সঅ্যাপ গ্রুপ ত্যাগ ঘিরে এখন কলকাতা পুরনিগমের অন্দরে কানাঘুষো তুঙ্গে। এখন দেখার, নতুন সরকারের শপথের দিন শুরু হওয়া এই নাটকের শেষ অঙ্ক কোথায় গিয়ে থামে!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন