গুয়াহাটি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্বের রাজ্য অসমে কি ফের ক্ষমতায় ফিরছে বিজেপি? বুথফেরত সমীক্ষা বা এগজিট পোলের ফলাফল অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। একাধিক সমীক্ষক সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিছপুর দখল করতে চলেছে।
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র (Axis My India) এগজিট পোল অনুযায়ী, অসমের ১২৬টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জোট একাই ৮৮ থেকে ১০১টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র ২৩ থেকে ৩৩টি আসন। আজমল বদরুদ্দিনের দল এআইইউডিএফ (AIUDF) মাত্র ২টি আসন পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে।
অন্যদিকে, সিএনএন ভোট ভাইবস-এর (CNN VoteVibe) সমীক্ষাতেও একই প্রতিফলন দেখা গিয়েছে। তাদের মতে, বিজেপি পেতে পারে ৮৮ থেকে ১০০টি আসন এবং কংগ্রেস পেতে পারে ২৪ থেকে ৩৬টি আসন। পোল অফ পোলস-এর (Poll of Polls) গড় অনুযায়ী, অসমে বিজেপি ৯৪টি আসন পেয়ে অনায়াসেই ম্যাজিক ফিগার অতিক্রম করবে। সেখানে কংগ্রেসকে দেওয়া হয়েছে ২৭টি এবং এআইইউডিএফ-কে ৪টি আসন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অসমের রাজনীতিতে হিমন্ত বিশ্বশর্মার আধিপত্য ও তাঁর উন্নয়নমূলক কাজ বিজেপির এই সম্ভাব্য জয়ের নেপথ্যে প্রধান অনুঘটক হিসাবে কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ৪ মে ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। যদি সমীক্ষা সত্যি হয়, তবে অসমে বিজেপির ভিত যে আরও মজবুত হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন