কলকাতা: ভোটের ময়দানে যখন উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই স্বস্তির নিঃশ্বাস ফেললেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। এখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র মুখোমুখি হতে হচ্ছে না তাঁকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায়ে বড়সড় স্বস্তি পেলেন মন্ত্রী। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোট মেটার আগে মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে না।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েক দিনে সুজিত বসুকে একাধিকবার তলব করেছিল ইডি। কিন্তু, ভোটপ্রচারে ব্যস্ততার কারণ দেখিয়ে প্রতিবারই সময় চেয়েছিলেন তিনি। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছলে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শুনানি হয়। সব পক্ষের সওয়াল-জবাব শেষে আদালত জানায়, ভোটের মাঝপথে তদন্তের জন্য মন্ত্রীকে হাজিরা দিতে হবে না। তবে, এই অব্যাহতি স্থায়ী নয়। ভোট মিটে যাওয়ার পর আগামী ১ মে তাঁকে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে বিধাননগর বিধানসভাকেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজিত বসু। অন্যদিকে, মধ্যমগ্রাম কেন্দ্র থেকে লড়ছেন রাজ্যের আরও এক মন্ত্রী রথীন ঘোষ। তাঁকেও একই মামলায় এর আগে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। ভোটের নির্ঘণ্টের মধ্যেই মন্ত্রীদের বারবার তলব করা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তীব্র চাপানউতর।
২০২৩ সালের অক্টোবরে রথীন ঘোষের বাড়িতে দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছিল ইডি। পিছিয়ে ছিলেন না সুজিত বসুও। ২০২৪ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রীর বাড়ি ও দফতরে ম্যারাথন অভিযান চালান তদন্তকারীরা। তাঁর ঘনিষ্ঠদের ঠিকানাতেও হানা দেওয়া হয়। তবে, আদালতের এই সাম্প্রতিক নির্দেশে নির্বাচনী বৈতরণী পার করার আগে অন্তত কিছুটা বাড়তি অক্সিজেন পেলেন সুজিত বসু।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন