মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান ও তার আশপাশের এলাকা। একই সময়ে লেবাননেও নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। ফলে সংঘর্ষবিরতির সম্ভাবনার মাঝেও ফের উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল।
বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, ইরান যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে এবং ওয়াশিংটনও সেই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে একইসঙ্গে তিনি ইরানকে কড়া বার্তা দিয়ে বলেন, “আমাকে হত্যার চেষ্টা করা হলে ইরানে ভয়ংকর গোলাবর্ষণ শুরু হবে।” তাঁর আরও দাবি, ইরানের দিকে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র তাক করে রাখা রয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজধানী এবং সংলগ্ন কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে বা এর সঙ্গে কোনও সামরিক অভিযানের যোগ আছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ইরান সরকারও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
অভিষেকের ভয়েস টেস্ট ইস্যুতে কটাক্ষ অধীরের
অন্যদিকে, আমেরিকার মধ্যস্থতায় হওয়া সংঘর্ষবিরতির চুক্তিকে কার্যত উপেক্ষা করে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, লেবাননের একটি সীমান্তবর্তী গ্রামে ইজরায়েলি সেনাবাহিনীর কয়েকটি সাঁজোয়া যান প্রবেশ করে এবং সেখানে অস্থায়ী ঘাঁটি তৈরি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচারের অভিযোগও উঠেছে ইজরায়েলি সেনার বিরুদ্ধে। তেহরানের বিস্ফোরণ এবং লেবাননে ইজরায়েলের নতুন হামলার জেরে ফের মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। যুদ্ধবিরতির আলোচনা আদৌ সফল হবে, নাকি অঞ্চল ফের বৃহত্তর সংঘাতের দিকে এগোচ্ছে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন