বাংলায় শিল্পায়ন ও বিনিয়োগের পরিবেশ তৈরি করতে ভাষা বা পরিচয়ের বিভাজন নয়, সকলকে সঙ্গে নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, বাংলার এখন সবচেয়ে বড় প্রয়োজন বিনিয়োগ এবং কর্মসংস্থান। সেই লক্ষ্যেই শিল্পপতিদের ফের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন তিনি।
শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য। সেখানেই তিনি বলেন, বাংলার উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার। তাঁর কথায়, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই কেউ বাঙালি হন না। যাঁরা দীর্ঘদিন ধরে বাংলায় ব্যবসা করছেন, কর্মসংস্থান তৈরি করছেন, তাঁরাও বাংলারই অংশ। শমীকের বক্তব্য, “যারা তিন পুরুষ ধরে বাণিজ্য করেছেন, বাঙালিদের কর্মসংস্থান দিয়েছেন, বাড়িতে হিন্দি বা রাজস্থানি ভাষায় কথা বলেন— তাঁরাও আমাদের চোখে বাঙালি। প্রথমে সবাই আমরা ভারতীয়, তারপর বাঙালি।”
শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ভাষা কোনও বাধা হতে পারে না, সেই বার্তাই এদিন স্পষ্ট করেন বিজেপি রাজ্য সভাপতি। একইসঙ্গে পূর্বতন সরকারের শিল্পনীতি নিয়েও আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের অনিশ্চয়তার কারণে বহু শিল্পপতি বাংলার বদলে অন্য রাজ্যে বিনিয়োগ করেছেন। শমীক ভট্টাচার্য বলেন, এখন প্রয়োজন সেই শিল্পপতিদের ফের বাংলায় ফিরিয়ে আনা। তিনি জানান, সরকার শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য বাংলার দরজা খোলা। এদিন সিঙ্গুর নিয়েও বিশেষ বার্তা দেন তিনি। সিঙ্গুরে ইমিটেশন জুয়েলারি শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে সেখানে একটি ইমিটেশন জুয়েলারি পার্ক তৈরির আবেদন জানান। তাঁর দাবি, সিঙ্গুরে এই শিল্পের সঙ্গে বহু মানুষ যুক্ত এবং এর বার্ষিক লেনদেনও কয়েক হাজার কোটি টাকার কাছাকাছি।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন