তৃণমূল কংগ্রেসের ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, আপাতত অবসরপ্রাপ্ত দুই বিচারপতির তত্ত্বাবধানে অ্যাকাউন্ট খুলে দলের ন্যূনতম সাংগঠনিক কাজ চালানোর অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে আদালত। তবে কোনও নীতিগত বা বড় আর্থিক সিদ্ধান্ত এই পর্যায়ে নেওয়া যাবে না বলেও স্পষ্ট করেছে আদালত।
এদিনের শুনানিতে আদালত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোন পরিস্থিতিতে অ্যাকাউন্টগুলি ফ্রিজ় করা হয়েছে এবং বর্তমানে ওই অ্যাকাউন্টগুলিতে কত টাকা রয়েছে, তা বিস্তারিত জানাতে হবে। আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্যে সরকার পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া বিরোধী শিবিরের জেরে দলের তহবিল ফ্রিজ করার দাবি তুলেছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশের উদ্যোগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। এরপর মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়।
মমতাপন্থী শিবিরের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে দাবি করেন, একটি সক্রিয় রাজনৈতিক দলকে পুলিশি পদক্ষেপের মাধ্যমে কার্যত অচল করে দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর বক্তব্য, অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত অস্বাভাবিক। বিচারপতি সৌগত ভট্টাচার্যও এই দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ২৮ জুন সন্ধ্যায় অভিযোগ দায়ের হওয়ার পরদিনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় হয়ে যায়। অথচ অভিযোগের আগে ওই অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও নির্দিষ্ট অপরাধের অভিযোগ ছিল না। তাহলে এত দ্রুত পুলিশ কী ভিত্তিতে এই সিদ্ধান্ত নিল, তা জানতে চায় আদালত।
মহেশতলায় বস্তাভর্তি লাইসেন্স উদ্ধার! কাউন্সিলরের বাড়ির কাছে মিলতেই তীব্র চাঞ্চল্য
অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে জানান, তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তাঁর দাবি, অ্যাকাউন্ট থেকে কীভাবে অর্থ সরানো হয়েছে, সেই বিষয়েও তদন্ত চলছে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের একাধিক নেতা ভিন্ন ভিন্ন দাবি করছেন, ফলে দলের প্রকৃত প্রতিনিধিত্ব কারা করছেন, সেই বিষয়টিও আদালতের বিবেচনায় রাখা উচিত। এখন ব্যাঙ্কের হলফনামা ও তদন্তের রিপোর্টের ভিত্তিতেই অন্তর্বর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন