অবশেষে শুরু হল অন্নপূর্ণা যোজনার অনুদান বিতরণ। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সরকারি অনুষ্ঠানে ডিবিটি (Direct Benefit Transfer)-র মাধ্যমে ১ কোটি ৩৪ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার জানিয়েছে, বুধবারের মধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অনুদানের টাকা পৌঁছে যাবে।
তবে অনুদান বিতরণের পাশাপাশি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মোট ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, কারণ আবেদনকারীরা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি। মুখ্যমন্ত্রীর কথায়, "সরকারি টাকা শুধু যোগ্যদেরই দেওয়া হবে। আমরা চাই না কোনও অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পান।" অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তাদের উদ্দেশে তিনি প্রশ্নও করেন, "এটা কি ভুল?" জবাবে স্টেডিয়ামজুড়ে ওঠে, "না"। অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া ও ১২ পাতার আবেদনপত্র নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১২ পাতার ফর্মের সব অংশ পূরণ করার প্রয়োজন ছিল না। আবেদনকারীরা যে তথ্য জমা দিয়েছেন, তা ভবিষ্যতে অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। ফলে বারবার নতুন করে আবেদন করতে হবে না।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগের প্রকল্পে যাঁরা অযোগ্য হয়েও সুবিধা পেয়েছিলেন বা যাঁদের নাম ভুলবশত তালিকায় ছিল, তাঁদের বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, আগের তালিকায় এমন পুরুষদেরও নাম ছিল, যাঁরা এই প্রকল্পের আওতায় পড়েন না। এছাড়াও কোনও অ-ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আগামী কয়েক মাস আবেদন গ্রহণ চলবে। ফলে যাঁরা এখনও আবেদন করতে পারেননি বা নতুন করে যোগ্য হয়েছেন, তাঁরাও ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। সরকারের দাবি, প্রকল্পের মূল লক্ষ্য হল যোগ্য মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া, যাতে সরকারি অনুদানের অপব্যবহার না হয় এবং প্রকৃত উপভোক্তারাই তার সুফল পান।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন