কোচবিহারে এক তৃণমূল নেতাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় বাসিন্দারা তাঁকে রাস্তায় কোমরে দড়ি বেঁধে ঘোরান এবং ডিম ছুড়ে বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি কোচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল নেতার নাম ফজলু রহমান। অভিযোগ, বিধানসভা ভোটের আগে তিনি বিজেপি প্রার্থী রথীন বোসের গাড়িতে হামলা, বিরোধী কর্মীদের ভয় দেখানো এবং একাধিক উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। যদিও এই অভিযোগগুলির বিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। স্থানীয়দের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই ফজলু রহমান এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন পর শনিবার তাঁকে এলাকায় দেখা যায়। এরপরই ক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, তাঁকে মারধর করার পাশাপাশি কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয় এবং ডিম ছোড়া হয়।
খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁদের দাবি, জনতার রোষ থেকে তৃণমূল নেতাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ফজলু রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকেই সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া বলে তাঁদের দাবি।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন