জলপাইগুড়ির মেটেলিতে বিশাল এক অজগর সাপকে গলায় জড়িয়ে সেলফি ও ভিডিও তুলতে দেখা গেল স্থানীয় কয়েকজনকে। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন। একই সঙ্গে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাঁও।
ঘটনাটি মেটেলি ব্লকের বিধাননগর গ্রামপঞ্চায়েতের বদুধোরা এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে ঢুকে পড়েছিল বিশাল অজগরটি। পরে এলাকার এক ব্যক্তি সেটিকে উদ্ধার করেন। কিন্তু বনদপ্তরকে খবর দেওয়ার বদলে অনেকেই সাপটিকে ঘিরে ছবি তোলা ও ভিডিও তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ গলায় জড়িয়ে, কেউ হাতে নিয়ে অজগরটিকে নিয়ে রীতিমতো উল্লাসে মেতে ওঠেন।
ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের। কারণ, অজগর সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। অনুমতি ছাড়া তাকে ধরা, প্রদর্শন করা বা বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বনমন্ত্রী মনোজ ওরাঁও জানিয়েছেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য এ ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আরও সচেতনতা বাড়াতে প্রচারও চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
বিষয় : forestdepartment jalpaigurinews python

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন