নয়াদিল্লি: বিতর্কিত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করার দাবিতে শুক্রবার চরম উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী। ছাত্র, কৃষক, শ্রমিক ও নাগরিক সমাজের যৌথ মঞ্চ 'পিপলস এগেইনস্ট এসআইআর'-এর আহ্বানে শুরু হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। কনট প্লেসের ঐতিহাসিক বাংলা সাহিব গুরদুয়ারা থেকে শুরু হয়ে নির্বাচন কমিশনের সদর দফতর অভিমুখে অগ্রসর হয় হাজার হাজার আন্দোলনকারীর এই পদযাত্রা। 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচিকে ঘিরে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে সমগ্র মধ্য দিল্লি এলাকায়।
'গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা' করার হুঙ্কার তুলে আন্দোলনকারীরা রাজপথে স্লোগান তোলেন— 'হর গলি যন্তর মন্তর, হর গাঁও যন্তর মন্তর'। আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআর সম্পূর্ণ একটি অসাংবিধানিক ও বেআইনি প্রক্রিয়া। তাঁদের সাফ দাবি, ২০২৪ সালের পূর্ববর্তী মূল ভোটার তালিকাকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং সিএজি ও নির্বাচন কমিশনের সঠিক নিয়ম মেনে 'সোশ্যাল অডিট'-এর মাধ্যমে ভোটার তালিকা ঢেলে সাজাতে হবে। সম্প্রতি নতুন দিল্লির সুরজিৎ ভবনে একাধিক দলিত, জনজাতি, কৃষক ও সংখ্যালঘু সংগঠনের যৌথ বৈঠকের পরেই গড়ে ওঠে এই গণআন্দোলনের প্ল্যাটফর্ম।
পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সিজেপি নেতাদের ওপর পুলিশের আইনি পদক্ষেপের কারণে। গত ১৩ অক্টোবর যন্তর মন্তরের ঘটনায় পুলিশি সমন এড়িয়ে যাওয়া সিজেপি-র দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে শুক্রবারই পুনরায় সমন পাঠাতে চলেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পূর্বে রাজৌরি গার্ডেনের কার্যালয়ে হাজিরা না দিয়ে সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন সৌরভ, আশুতোষ ও অজিঙ্ক শিন্ডে। তবে ক্রাইম ব্রাঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তের স্বার্থে তাঁদের দ্রুত ডেকে পাঠিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।
ইতিমধ্যেই এক জাতীয় সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর রিপোর্টে প্রকাশ্যে এসেছে যে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সংক্রান্ত কার্যপদ্ধতি নিয়ে বিগত ১০ মাসে অন্তত ১৪ বার তীব্র আপত্তি জানিয়েছিলেন। এই তথ্য প্রকাশ্যে আসতেই সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিরোধী দলগুলি। যদিও যাবতীয় বিতর্ক উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল। রাজপথের এই উত্তাপ ও আইনি লড়াই আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর গোটা দেশের।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন