Hidden Stories (বাংলা)

এখনই মিলছে না রক্ষাকবচ! শুভেন্দুর উদাহরণ টানতেই এজলাসে কড়া বার্তা বিচারপতির, তবে কি এবার চরম বিপাকে অভিষেক?

কলকাতা: রক্ষাকবচ চেয়ে আপাতত কলকাতা হাইকোর্টে কোনও স্বস্তি পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক এফআইআর-এর প্রেক্ষিতে দায়ের করা মামলায় এখনই তাঁকে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রেখেছে হাইকোর্ট। তবে বিচারপতি এও জানিয়েছেন যে, এই সময়ের মধ্যে তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হলে তা আদালতের নজরে আনা যাবে। কিন্তু সব কটি মামলা একত্রিত করে এখনই অভিষেককে কোনও ঢালাও রক্ষাকবচ দেওয়া যাবে না বলেই সাফ জানিয়েছে আদালত।[TECHTARANGA-POST:11171]সম্প্রতি অভিষেকের নামে ভবানীপুর, শিলিগুড়ি, নাকাশিপাড়া, বিষ্ণুপুর-সহ রাজ্যের একাধিক থানায় মোট ৮টি এফআইআর দায়ের হয়েছে। এই মামলাগুলিতেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এদিন শুনানিতে অভিষেকের আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই মামলাগুলি করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর আগে একাধিক এফআইআর দায়ের হওয়ায় শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। এমনকি আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা যাবে না বলেও নির্দেশ ছিল। অভিষেকের ক্ষেত্রেও একই সুবিধার আর্জি জানান তিনি। অন্যদিকে, অভিষেকের এই আবেদনের কড়া বিরোধিতা করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।[TECHTARANGA-POST:11178]সিব্বলের মুখে শুভেন্দুর উদাহরণ শুনেই কড়া প্রতিক্রিয়া দেন বিচারপতি ভট্টাচার্য। তিনি স্পষ্ট বলেন, "শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও নির্দেশ দেবে না।" একইসঙ্গে বিচারপতির মন্তব্য, প্রতিটি ভিন্ন অভিযোগের ভিত্তিতে আলাদা মামলা দায়ের হয়েছে, তাই একসঙ্গে সব মামলা জুড়ে রক্ষাকবচ চাওয়া কোনওভাবেই সম্ভব নয়। সব মিলিয়ে আগামী বৃহস্পতিবার, ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানির দিকেই এখন তাকিয়ে রাজ্য রাজনীতি।

এখনই মিলছে না রক্ষাকবচ! শুভেন্দুর উদাহরণ টানতেই এজলাসে কড়া বার্তা বিচারপতির, তবে কি এবার চরম বিপাকে অভিষেক?