কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল রাজপুত্র লিওনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় এবার নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। খোদ রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু হন? তিনি মেসির এত কাছাকাছি গেলেন কেন? দেশের অন্য তিনটি জায়গায় মেসির অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলেও তিলোত্তমায় কেন এমন হুলুস্থুল পরিস্থিতি তৈরি হলো, তা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। একইসঙ্গে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মেসি-কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কিন্তু আদালত তাঁকে কোনো বড় স্বস্তি তো দেয়নি, উল্টে কড়া শর্তের বেড়াজালে বেঁধে ফেলেছে। আদালতের স্পষ্ট নির্দেশ, তদন্তকারী অফিসারদের সামনে সশরীরে হাজির হয়ে অরূপ বিশ্বাসকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, আদালতের লিখিত অনুমতি ছাড়া কোনোভাবেই শহরের বাইরে যেতে পারবেন না এই দাপুটে নেতা। একজন মন্ত্রীর এমন অনভিপ্রেত আচরণ যেভাবে ক্যামেরায় ধরা পড়েছে, তাকে কীভাবে বিচার করা হবে— তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এই চরম বিতর্কের জেরেই অবশ্য আগেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল অরূপকে।
যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার আদালতে শতদ্রুর আইনজীবী এক বিস্ফোরক দাবি করে বসেন। তিনি জানান, ওই ম্যাচের জন্য মোট ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল, যার মধ্যে অরূপ বিশ্বাস একাই নাকি ২২ হাজার টিকিট হাতিয়ে নিয়েছিলেন তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের জন্য! এমনকি বহু ক্লাবের কাছে অরূপ সেই টিকিট বিক্রি করেছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। টাকা দিয়ে টিকিট কেটেও হাজার হাজার দর্শক যে বিশৃঙ্খলার কারণে মেসিকে দেখতে পাননি, তার দায় এখন পুরোপুরি এসে পড়েছে প্রাক্তন মন্ত্রীর ঘাড়ে। হাই কোর্টের এই কড়া অবস্থানের পর অরূপ বিশ্বাসের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন