বিপুল জনসমর্থন নিয়ে মে মাসে পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর ৯ মে প্রথম দফায় ছয় জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। ১ জুন লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে ৩৫ জন নতুন সদস্য পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে শপথ গ্রহণ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন করা হয়নি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, বুধবারই সেই অপেক্ষার অবসান হতে পারে। রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের হাতে কোন কোন দফতরের দায়িত্ব যাচ্ছে, তা ঘোষণা করা হতে পারে আজই।
সূত্রের খবর, রাজ্যের প্রথম বিজেপি সরকারের সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে উঠে আসছে স্বপন দাশগুপ্তর নাম। শিল্প দফতরের দায়িত্ব পেতে পারেন তাপস রায়। স্বাস্থ্য দফতরের দায়িত্ব যেতে পারে শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। পরিবহণ ও শ্রম দফতরের দায়িত্ব পেতে পারেন অর্জুন সিংহ। উত্তরবঙ্গের বিজেপি নেতা শঙ্কর ঘোষের হাতে পর্যটন দফতরের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বলেও খবর। পাশাপাশি শিক্ষামন্ত্রী হিসেবে দীপক বর্মনের নাম আলোচনায় রয়েছে। উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব পেতে পারেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে দুধকুমার মণ্ডলকে। বন দফতরের মন্ত্রী হিসেবে মনোজ ওঁরাওয়ের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।
বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রেখেছেন। স্বরাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি-সহ রাজ্য প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর তাঁর তত্ত্বাবধানেই রয়েছে। অন্যদিকে, মন্ত্রী দিলীপ ঘোষের হাতে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরের দায়িত্ব। অগ্নিমিত্রা পাল সামলাচ্ছেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দফতর। নিশীথ প্রামাণিকের হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুবকল্যাণ দফতর। মন্ত্রী অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ এবং সমবায় দফতরের দায়িত্ব পালন করছেন। ক্ষুদিরাম টুডুর হাতে রয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর। অন্যদিকে, শঙ্কর ঘোষ উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের দায়িত্বে রয়েছেন। এবার মন্ত্রিসভার সম্প্রসারণের পর নতুন করে শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন হলে রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামো আরও স্পষ্ট হবে। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর এখন সেই ঘোষণার দিকেই।
বিষয় : BJP BengalPolitics

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন