কলকাতা: ছাব্বিশের ভোটে ধাক্কা খাওয়ার পর থেকেই একের পর এক নাটকীয় মোড় ঘাসফুল শিবিরে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সম্প্রতি হেভিওয়েট নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আর এই বহিষ্কারের পর থেকেই আলিমুদ্দিন ছেড়ে ঘাসফুলে আসা যুব নেতা প্রতীক উর রহমানকে নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছিল।
যেহেতু বাম শিবির ছেড়ে প্রতীকের তৃণমূলে যোগদানের নেপথ্যে ঋতব্রতের বড় ভূমিকা ছিল এবং কসবার অফিসেও দুজনকে একসঙ্গে দেখা যেত, তাই প্রশ্ন উঠছিল— ‘দাদা’র বিদায়ের পর প্রতীক উরও কি এবার দল ছাড়বেন? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার এই বিষয়ে নিজেই মুখ খুললেন তৃণমূলের এই তরুণ মুখপাত্র। সাফ জানিয়ে দিলেন, ঋতব্রতের বহিষ্কার নিয়ে দলের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত এবং এই দুঃসময়ে তিনি কোনোভাবেই দল ছাড়ছেন না।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসার তত্ত্ব একঝটকায় উড়িয়ে দিয়েছেন প্রতীক উর রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি ঋতদার হাত ধরে নয়, বরং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে এসেছিলেন। ঋতব্রত দলে ছিলেন বলেই তাঁর সঙ্গে কথা হতো, এর বাইরে তাঁদের মধ্যে অন্য কোনো সমীকরণ নেই। বর্তমানে দলের সই কেলেঙ্কারি থেকে শুরু করে ভেতরের ভাঙন— সবকিছুর পেছনেই বিরোধী দল বিজেপির গভীর চক্রান্ত দেখতে পাচ্ছেন এই প্রাক্তন বাম নেতা।
তাঁর অভিযোগ, বিজেপি এবং আরএসএস সব সময় অন্যের ঘরের মধ্যে ঘর করায় বিশ্বাসী। তারা সর্বত্র ভাঙন ধরানোর নোংরা চেষ্টা করে এবং এখানেও ঠিক সেটাই করছে। তবে প্রতীক মনে করিয়ে দেন, বাংলায় বিজেপি ৪৫ শতাংশ ভোট পেলেও বাকি ৫৫ শতাংশ ভোট কিন্তু এখনো অন্য দলগুলোর কাছেই রয়েছে।
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ঘটে যাওয়া ডিম হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে একে ‘খুনের চক্রান্ত’ বলে অভিহিত করেছেন প্রতীক উর। এর আগেও সমাজমাধ্যমে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়ে জার্মান পাদ্রী মার্টিন নিম্যোলারের একটি বিখ্যাত কবিতার লাইনের উল্লেখ করেন তিনি।
প্রতীক লেখেন, “আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রাণঘাতী আক্রমণ হলো আর আপনি চুপ, কারণ আপনি তৃণমূল নন। কাল অন্য কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ হবে আর আপনি চুপ থাকবেন কারণ আপনি সেই সম্প্রদায়ের নন। কিন্তু পরশু যখন আপনার নিজের ওপর আক্রমণ হবে, তখন পাশে দাঁড়ানোর মতো কাউকেই খুঁজে পাবেন না, কারণ আপনি সঠিক সময়ে প্রতিবাদ করেননি।” এই বার্তার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন যে, দলের এই চরম দুর্দিনেও তিনি শক্ত হাতে জোড়াফুলের ঝাণ্ডা ধরেই লড়াই চালাবেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন