কলকাতা: ছাব্বিশের ভোটে ভরাডুবির পর থেকেই দুর্নীতির একের পর এক অভিযোগে কোণঠাসা ঘাসফুল শিবির। এরই মাঝে বিধানসভায় বিরোধী দলনেতার রেজোলিউশনে সই জাল করার চাঞ্চল্যকর ঘটনা সামনে আসতেই নতুন করে চরম নাকানিচোবানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই জালিয়াতি বিতর্ককে কেন্দ্র করে এবার অলআউট আক্রমণে নামলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী দিলীপ ঘোষ।
তৃণমূলকে সরাসরি ‘জঙ্গি সংগঠন’-এর সঙ্গে তুলনা করে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুললেন তিনি। সই জাল কাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ সাফ বলেন, “পুরো পার্টিটাই আসলে জালি! ওদের থেকে আর কী-ই বা আশা করা যায়? এখন দলে মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি এই দলটা বাংলা থেকে উঠে যায়, বাংলার মানুষের পক্ষে ততই মঙ্গল।”
তৃণমূলের অপকর্মের খতিয়ান টেনে এদিন চরম হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন, এই দলের প্রতীক থেকে শুরু করে গোটা দলটাকেই অবিলম্বে ব্যান করা উচিত, কারণ এরা সাধারণ কোনো রাজনৈতিক দল নয়, বরং জঙ্গি সংগঠনের মতোই কাজ করে চলেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র ভাষায় আক্রমণ করতে ছাড়েননি এই বিজেপি মন্ত্রী।
একটি পুরোনো লোককথার উদাহরণ টেনে তিনি কটাক্ষের সুরে বলেন, “সবাইকে তো উনি নিজেই চুরি করতে শিখিয়েছেন, এখন তার ফল ভুগতে হবে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, এক রাখাল স্কুলে সবার খাতা-বই-পেনসিল চুরি করত। যেদিন সে ধরা পড়ল, সেদিন মাসির কানে শেষ কথা বলার বাহানায় মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল। রাখাল বলেছিল— মাসি, তুমিই প্রথম দিন শাসন না করে আমাকে চুরি করতে শিখিয়েছ! এই দলের সুপ্রিমোরও এখন সেই দশা, মাসির কান কাটা যাওয়াটা শুধু এখন সময়ের অপেক্ষা।”
অন্যদিকে, গত শনিবার সোনারপুরে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়ে আক্রান্ত হন বলে খবর মেলে। বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও লক্ষ্য করে যেভাবে ডিম ছোঁড়া হয়েছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যঙ্গাত্মক সুর শোনা যায় মন্ত্রী দিলীপ ঘোষের গলায়।
স্বভাবোচিত রসিকতা ও কটাক্ষ মিশিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা তো বারবার বলেছি রাজ্যে এখন এমনিতেই ডিমের ক্রাইসিস চলছে। তাই বলছি, এর-তার গায়ে ফালতু ডিম ছুঁড়ে পুষ্টিকর খাবার নষ্ট করবেন না। ডিম ছুঁড়বেন না, বরং ডিম নিজে খান, শরীরে শক্তি বাড়ান। এই সমস্ত ফালতু লোককে ডিম মেরে কোনো লাভ নেই!” দল জালিয়াতি কাণ্ডে জড়ানো এবং নেতার গায়ে ডিম পড়ার মতো জোড়া অস্বস্তিতে এখন কার্যত দিশেহারা ঘাসফুল শিবির।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন