ওয়াশিংটন: ভারত সফর শেষ করে দেশে ফিরেই ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ হলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। পশ্চিম এশিয়ায় শান্তি ও সুস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ইসলামাবাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন বিদেশসচিবের দাবি, পাকিস্তানের ধারাবাহিক ও ইতিবাচক প্রচেষ্টার কারণেই বর্তমানে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির আশা তৈরি হয়েছে!
শুক্রবার ওয়াশিংটনে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে একটি বৈঠক করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। বৈঠকের পর রুবিও জানান, উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পাকিস্তান যে ভূমিকা পালন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
একইসঙ্গে, ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের কৌশলগত ও কূটনৈতিক বোঝাপড়া আরও নিবিড় করার বার্তা দিয়ে তিনি বলেন, “নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির উপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে।” এই বৈঠক প্রসঙ্গে পাকিস্তানের বিদেশ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের এই সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিরই প্রতিফলন এবং ইসলামাবাদ ও ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক দিশা নিয়ে উভয় নেতাই সন্তোষ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, মে মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয় পাকিস্তান। গত ২১ মে পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি স্বয়ং ইরানে গিয়ে সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে বৈঠক করেন।
মহসিন ইসলামাবাদে ফিরে আসার ঠিক পরের দিনই, অর্থাৎ ২২ মে তেহরান সফরে যান পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল মুনির। তেহরান থেকে ফিরে পাক সেনা প্রধান স্পষ্ট জানিয়ে দেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরান — দুই পক্ষের সঙ্গেই লাগাতার মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। আর, সেই সফল মধ্যস্থতার জেরেই এবার ভারতের মাটি ঘুরে যাওয়ার পরই পাকিস্তানের ভূমিকার এমন প্রকাশ্য প্রশংসা করলেন মার্কিন বিদেশসচিব।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন