কলকাতা: তিলোত্তমায় ফের এক গৃহপরিচারিকার ওপর নির্মম ও অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল। আর, এই ঘটনায় কাঠগড়ায় টলিউডের পরিচিত সিরিয়াল অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। আংটি চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক অসহায় পরিচারিকাকে ঘরে আটকে রেখে নৃশংসভাবে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ২৭ মে বিকেলে টালিগঞ্জের ধাড়াপাড়া জোড়াপুকুর সংলগ্ন এলাকায় অভিনেতার বাড়িতেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। আক্রান্ত ওই পরিচারিকার মাথা ফেটে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারটি সেলাই পড়ে! এই নারকীয় নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই হরিদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।
স্থানীয় সূত্র ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই পরিচারিকা বিগত প্রায় একমাস ধরে সম্রাট মুখোপাধ্যায়ের বাড়িতে কাজ করছিলেন। এর আগেও বাড়িতে কোনও জিনিসপত্র হারিয়ে গেলে সন্দেহের তির যেত ওঁর দিকেই! নিজেদের জিনিস খুঁজে না পেয়ে বারবার এই পরিচারিকাকে মানসিক হেনস্থা করা হত বলে অভিযোগ। কিন্তু, পেটের তাগিদে সমস্ত অপমান মুখ বুজে সহ্য করেই কাজ করে যাচ্ছিলেন তিনি। তবে, গত বুধবার বিকেলে সমস্ত অত্যাচারের সীমা অতিক্রম করে যায়।
অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেলে অভিনেতার একটি আংটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাবাড়ি খোঁজাখুঁজি করার পর এবং পুলিশে খবর দেওয়ার পরও আংটি না মেলায়, সমস্ত আক্রোশ গিয়ে পড়ে ওই পরিচারিকার ওপর। চুরির অপবাদ দিয়ে প্রথমে মহিলাকে একটি ঘরের ভেতর আটকে রাখা হয় এবং জোর করে ওঁর ব্যাগ তল্লাশি করা হয়। সেখানে কিছু না মেলায় অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় তাঁর বাড়ির দারোয়ানকে ডেকে অ্যাসিড এবং লাঠি নিয়ে আসার নির্দেশ দেন। দারোয়ান লাঠি এনে দিলে, তা দিয়ে ওই মহিলার ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েন অভিনেতা! লাঠির আঘাতে মহিলার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে।
এখানেই শেষ হয়নি নির্যাতন। রক্তাক্ত অবস্থায় তাঁকে মেঝেতে ফেলে দিয়ে কানে ও মাথায় বুট জুতো দিয়ে মাড়িয়ে যাওয়া হয় এবং বুকে, পিঠে ও পেটে অনবরত লাথি মারা হয় বলে অভিযোগ। দেওয়ালে ওঁর কপাল সজোরে ঠুকে দেওয়া হয়। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে গেলে লাঠির আঘাতে ওঁর হাতের আঙুলও গুরুতর জখম হয়। এই নারকীয় অত্যাচার চালানোর পর বিকেল ৫টা নাগাদ ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অত্যন্ত যন্ত্রণাকাতর অবস্থায় ওই মহিলা কোনওমতে বাড়ি ফিরে পরিবারের সহায়তায় থানার দ্বারস্থ হন।
যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। এই বিষয়ে সংবাদমাধ্যম-এর তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের পক্ষে সাফাই দিয়ে বলেন, "এই পরিচারিকা আমার বাড়িতে ২৬ দিন মতো কাজ করছেন। আমি তাঁকে কোনওভাবেই মারধর করিনি। তিনি নিজেই নিজেকে আহত করেছেন!"
অভিনেতার দাবি, আংটি খুঁজে না পাওয়ায় তাঁর দারোয়ান ওই মহিলার উপর সন্দেহ করেছিল। এরপর তিনি যখন পুলিশ ডাকার কথা বলেন, তখন ভয় পেয়ে ওই পরিচারিকা পালানোর চেষ্টা করেন এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে গ্রিলে মাথা ঠুকে যায়। সম্রাট মুখোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, পুলিশ ডাকার কথা শুনে ওই মহিলা নিজের কোয়ার্টারের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দেওয়ালে মাথা ঠোকেন এবং নিজে নিজেই এমন কাণ্ড ঘটিয়ে এখন তাঁকে মিথ্যা অভিযুক্ত করছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন