মেদিনীপুর: আলু খেলে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার বাড়ে — চিকিৎসা বিজ্ঞানের এই বহু প্রচলিত ধারণাকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সম্পূর্ণ এক নতুন ‘দাওয়াই’ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। খড়্গপুরে এক প্রাতর্ভ্রমণ ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সুগার রোগীদের বেশি করে আলু খাওয়ার পরামর্শ দেন। মেদিনীপুরের চেনা মেঠো মেজাজে দেওয়া দিলীপের এই নতুন স্বাস্থ্য ‘টিপস’ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ও চিকিৎসা মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।
শুক্রবার সকালে খড়্গপুরের একটি পার্কে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আলাপ-আলোচনা করার সময় প্রসঙ্গক্রমে রান্নায় আলুর ব্যবহার এবং সুগারের সমস্যা নিয়ে কথা ওঠে। তখনই দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “মানুষ ভাবে আলু খেলেই বুঝি সুগার বাড়ে। এটা একদম ভুল ধারণা। সুগার রোগীদের আমি বলব, আপনারা মন খুলে আলু খান। বরং আলু নিয়মিত খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে।” তাঁর এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। এর আগে গরুর দুধে সোনা থাকা বা ডেঙ্গি তাড়াতে ঘরোয়া নিদান দিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছিলেন তিনি। এবার তাঁর ‘আলু তত্ত্ব’ নিয়ে নতুন করে চর্চা শুরু হল।
দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে স্থানীয় চিকিৎসক মহল। বিশেষজ্ঞদের একাংশের মতে, আলুর গ্লাইসেমিক ইনডেক্স (Glycemic Index) অত্যন্ত বেশি, যা শরীরে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই ডায়াবিটিস রোগীদের আলু খাওয়ার ক্ষেত্রে সবসময়ই রাশ টানার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই ধরনের বিজ্ঞানভিত্তিহীন রাজনৈতিক বয়ান সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সুগার রোগীদের স্বাস্থ্যের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তবে এই সমালোচনাকে পাত্তা না দিয়ে বিজেপি নেতার অনুগামীদের দাবি, তিনি মাটির মানুষের চিরন্তন সহজ সরল বিশ্বাসের কথাই তুলে ধরেছেন, একে রাজনীতির চশমায় দেখা ভুল!

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন