নয়াদিল্লি: দেশপ্রেমের সংজ্ঞা কি শুধু সীমান্তে দাঁড়িয়ে লড়াই করা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বার্তা কিন্তু অন্য কথা বলছে। সংকটের এই সময়ে বৈদেশিক মুদ্রা বাঁচাতে দেশবাসীকে অন্তত এক বছরের জন্য বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন তিনি। আর প্রধানমন্ত্রীর সেই বার্তাকেই যেন পরোক্ষভাবে বাস্তবায়িত করতে ময়দানে নামল এয়ার ইন্ডিয়া। আপাতত আগস্ট মাস পর্যন্ত শিকাগো, নিউ ইয়র্কের মতো একাধিক জনপ্রিয় মার্কিন শহরের উড়ান পরিষেবা পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই বিমান সংস্থা। শুধু আমেরিকা নয়, কোপ পড়েছে ইউরোপ এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও। এমনকি গরমের ছুটিতে ভারতীয় পর্যটকদের সবথেকে পছন্দের জায়গা সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা বা প্রতিবেশী দেশ ঢাকা ও কাঠমাণ্ডুর ফ্লাইটেও ব্যাপক কাটছাঁট করা হয়েছে। সব মিলিয়ে আগস্ট পর্যন্ত ২২টি আন্তর্জাতিক রুটে বিমানের সংখ্যা কমানোর পাশাপাশি ৭টি পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে।
যদিও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বার্তার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। সংস্থাটির দাবি, এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিশ্বজুড়ে চলা অস্থির পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে একদিকে যেমন আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে অপরিশোধিত তেল ও বিমানের জ্বালানির দাম। সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, জ্বালানির আকাশছোঁয়া দামের কারণে খরচ সামলাতেই দিনে অন্তত ১০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান কমানোর পথে হাঁটছে তারা। তবে কারণ যাই হোক, প্রধানমন্ত্রীর ‘ভয়েস ফর লোকাল’ বা দেশের পর্যটনকে গুরুত্ব দেওয়ার যে আবেদন, এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে তা যেন আরও জোরালো রূপ পেল। বিদেশের হাতছানি এড়িয়ে এখন ঘরোয়া পর্যটনই কি দেশবাসীর একমাত্র গন্তব্য হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন