কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, খুনের জন্য ব্যবহৃত ঘাতক গাড়িটি আনা হয়েছিল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে। শুধু তাই নয়, তদন্ত বিভ্রান্ত করতে গাড়িতে ভুয়ো নম্বর প্লেট ব্যবহার করা হলেও, একটি অনলাইন লেনদেনই এখন পুলিশকে বড় সূত্র দিচ্ছে।
তদন্তকারী সূত্রে খবর, বালি টোলপ্লাজা পার হওয়ার সময় ওই গাড়িটি থেকে অনলাইনে অর্থাৎ ইউপিআই-এর মাধ্যমে টোল ট্যাক্স মেটানো হয়েছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)। ইতিমধ্যেই বালি টোলপ্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই তদন্তে সিআইডি এবং এসটিএফ-এর দুঁদে আধিকারিকরাও রয়েছেন। আততায়ীদের সন্ধানে পুলিশের একটি দল ইতিমধ্যেই উত্তরপ্রদেশে পৌঁছেছে।
গত ৬ মে রাতে মধ্যমগ্রামে অত্যন্ত পেশাদার ঢঙে খুন করা হয় চন্দ্রনাথকে। পুলিশ জানতে পেরেছে, অন্তত মাস দেড়েক আগে থেকেই এই খুনের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছিল। ঘটনার রাতে একটি চারচাকার গাড়ি দিয়ে চন্দ্রনাথের পথ আটকানো হয় এবং দু’টি বাইকে আসা দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর চালককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। পুলিশ পরে খুনে ব্যবহৃত গাড়ি এবং বাইকগুলি উদ্ধার করলেও দেখা যায় সেগুলির নম্বর প্লেট জাল।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুললেও, তৃণমূলের তরফে ঘটনার নিন্দা জানিয়ে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বর্তমানে পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীদের বিশ্বাস, অনলাইনের এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই খুব শীঘ্রই মূল চক্রীদের জালে তোলা সম্ভব হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন