কলকাতা: ৪ মে ভোটগণনার আগে ইভিএম পাহারায় এবার অলআউট লড়াইয়ে নামছে বিজেপিও। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমে স্ট্রংরুম পাহারা দেওয়ার পর, এবার পাল্টা রণকৌশল নিল গেরুয়া শিবির। রবিবার সকাল থেকেই রাজ্যের প্রতিটি স্ট্রংরুমের সামনে পাহারায় বসছেন বিজেপির মহিলা কর্মীরা। সোমবার সকালে গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা পৌঁছানো পর্যন্ত এই 'অবস্থান বিক্ষোভ' ও নজরদারি চলবে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।
দ্বিতীয় দফার ভোট মেটার পর থেকেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে স্নায়ুর লড়াই তুঙ্গে। একদিকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে ধরনায় বসেছেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। অন্যদিকে, ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা পাহারা দিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর এজেন্টকে। শনিবার বারাসতে সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যাওয়া নিয়েও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই আবহে ইভিএমের নিরাপত্তা নিশ্চিত করতেই মহিলা কর্মীদের ময়দানে নামানোর সিদ্ধান্ত নিল বিজেপি।
বিজেপির পরিকল্পনা অনুযায়ী, রবিবার সকাল থেকে সোমবার গণনা শুরু হওয়া পর্যন্ত মহিলা কর্মীরা প্রতিটি স্ট্রংরুমের গেটের বাইরে অবস্থানে থাকবেন। জয়ের জন্য় আশীর্বাদ নিতে রবিবারে সব বিজেপি প্রার্থী এবং সাংসদরা নিজ নিজ এলাকার মন্দিরে পুজো দেবেন। সোমবার সকালে মহিলা কর্মীরা দায়িত্ব হস্তান্তরের পর কাউন্টিং এজেন্টরা গণনা হলে প্রবেশ করবেন।
এদিকে, বারাসতের ঘটনায় কমিশন ডিসপ্লে মনিটর বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও সিসিটিভি সচল ছিল বলে দাবি করেছে। তবে, বিরোধীরা এই যুক্তিতে সন্তুষ্ট নয়। রাজনৈতিক মহলের মতে, গণনার আগের রাত পর্যন্ত ইভিএম রক্ষা করা এখন উভয় পক্ষের কাছেই সবথেকে বড় চ্যালেঞ্জ। একদিকে তৃণমূল যেমন কারচুপির আশঙ্কা করছে, অন্যদিকে বিজেপিও চাইছে না কোনওভাবেই শাসকদল ইভিএমের ধারেকাছে আসুক। সব মিলিয়ে রবিবার থেকেই রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রের বাইরে টানটান উত্তেজনা বজায় থাকবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন