সারা দেশের নজর এখন ৪ মে-এর দিকে। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আর মাত্র কয়েক দিন বাকি। এই ভাগ্য নির্ধারণের আগেই বড়সড় চাল চালল বিরোধী শিবির। সূত্রের খবর, ভোটের ফলাফল বেরোনোর ঠিক পরেই জরুরি বৈঠকে বসতে চলেছে 'ইন্ডিয়া' (INDIA) জোট। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির নির্বাচনী ফলাফল এবং জোটের প্রাপ্ত ভোটের হার নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিরোধী ঐক্যের ধারা বজায় রাখা এবং মহিলা সংরক্ষণ বিলের মতো ইস্যু নিয়ে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। জাতীয় রাজনীতিতে নিজেদের প্রভাব বজায় রাখতে বিরোধীরা এখন থেকেই বড় কোনও স্ট্র্যাটেজি কষছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, নির্বাচনের ফল প্রকাশের আগেই উত্তাপ বাড়ছে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের রাষ্ট্রপতির কাছে নোটিস জমা দিয়েছে বিরোধীরা। মোট ৭৩ জন বিরোধী সাংসদের স্বাক্ষর সম্বলিত এই নোটিসে কমিশনের বিরুদ্ধে ৯টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।
বিরোধীদের মূল দাবি, ভোট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনকে ব্যবহার করে জাতির উদ্দেশে ভাষণের নামে আসলে রাজনৈতিক প্রচার চালিয়েছেন, কিন্তু কমিশন কোনও পদক্ষেপ নেয়নি। ফলে একদিকে যেমন গণনার দিন প্রতিকূল ফলের আশঙ্কা উড়িয়ে দিতে চাইছে বিরোধীরা, অন্যদিকে তেমনই কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব হয়ে আইনি ও রাজনৈতিক লড়াই জারি রাখার বার্তা দিচ্ছে তারা। ৪ মে-এর পর এই জোট বৈঠক থেকে মোদী সরকারের বিরুদ্ধে নতুন কী কর্মসূচি নেওয়া হয়, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন