বলিউডের ‘খলনায়ক’ সঞ্জয় দত্তের সময়টা যেন বিতর্কের আবর্তেই কাটছে। নোরা ফতেহির সঙ্গে গানের দৃশ্য নিয়ে মহিলা কমিশনের নোটিশ সামলাতে না সামলাতেই এবার আইনি জটিলতায় ফেঁসে গেল তাঁর আগামী ছবি ‘আখরি সওয়াল’। ৩০ এপ্রিল এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা থাকলেও সিবিএফসি অর্থাৎ সেন্সর বোর্ডের আপত্তিতে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।
সূত্রের খবর, ছবির বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সেন্সর বোর্ড বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছে। টিজারে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ড পরবর্তী নিষেধাজ্ঞা, বাবরি মসজিদ ধ্বংস এবং আরএসএস-এর ১০০ বছরের যাত্রার মতো বিতর্কিত ও রাজনৈতিক উস্কানিমূলক প্রসঙ্গের ইঙ্গিত মেলায় এই কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড।
অভিজিৎ মোহন ওয়ারাং পরিচালিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে একটি গোপন বৈঠককে কেন্দ্র করে, যা নাকি বদলে দিয়েছিল ভারতের ইতিহাসের গতিপথ। প্রচলিত ইতিহাসের বাইরে গিয়ে সমাজ-রাজনৈতিক যাত্রার অজানা দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়। সঞ্জয় দত্ত ছাড়াও ছবিতে রয়েছেন নামাশি চক্রবর্তী, নীতু চন্দ্র, ত্রিধা চৌধুরী এবং সমীরা রেড্ডির মতো একঝাঁক তারকা।
ট্রেলার মুক্তির অপেক্ষায় থাকা ভক্তরা এই খবরে আশাহত হলেও, সেন্সর বোর্ডের সবুজ সংকেত ছাড়া ছবিটির পরবর্তী পদক্ষেপ এখন অনিশ্চিত। বিতর্কের এই পাহাড়প্রমাণ চাপের মধ্যেই অবশ্য ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে নতুন করে উন্মাদনা বাড়িয়েছেন সঞ্জুবাবা। এখন দেখার, সেন্সরের কাঁচি এড়িয়ে কবে জনসমক্ষে আসে ‘আখরি সওয়াল’-এর বিতর্কিত ঝলক।
বিষয় : sanjaydutt akhrisawal babrimasjid bollywood

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন