ওয়াশিংটনের হিলটন হোটেলে শনিবার রাতের সেই ভয়াবহ গুলিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সামনে এল অভিযুক্তর চাঞ্চল্যকর পরিচয়। সিক্রেট সার্ভিসের হাতে ধৃত ৩১ বছর বয়সী ওই যুবকের নাম থমাস অ্যালেন, যিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।
তাঁর অনলাইন প্রোফাইল ঘেঁটে জানা গিয়েছে, অভিযুক্ত অ্যালেন কেবল একজন উচ্চশিক্ষিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটই নন, তিনি নাসার জেট প্রপালশন ল্যাবেও কাজ করেছেন বলে দাবি করা হচ্ছে। যদিও এই তথ্যের সত্যতা এখনও সরকারিভাবে যাচাই করছে এফবিআই। ধৃতের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে এবং তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করছে মার্কিন প্রশাসন।
ঘটনার সময় হোটেলের বলরুমে প্রায় ২৬০০ জন বিশিষ্ট অতিথির ভিড় ছিল, যার মধ্যে ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং বিদেশ সচিব মার্কো রুবিও। প্রত্যক্ষদর্শীদের মতে, ৪-৫ রাউন্ড গুলির শব্দ শোনা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায় এবং অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন।
সোয়াট (SWAT) টিম দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর ক্যাবিনেট সদস্যদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যায়। ট্রাম্প পরবর্তীকালে 'ট্রুথ সোশ্যাল'-এ নিরাপত্তা বাহিনীকে তাঁদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনা ১৯৮১ সালে একই হোটেলে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ওপর হওয়া প্রাণঘাতী হামলার স্মৃতি উসকে দিয়েছে। ৪ দশক পর ফের একই জায়গায় বর্তমান প্রেসিডেন্টের ওপর হামলার এই চেষ্টা আমেরিকার নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন