কলকাতা: ভোটবঙ্গে আবারও ইডির নিশানায় রাজ্যের দুই মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুজিত বসু ও রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ২৪ এপ্রিল তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। ভোটের আবহে এই জোড়া তলব ঘিরে ফের তপ্ত বাংলার রাজনীতি।
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগেও দু-তিনবার বিধাননগরের প্রার্থী সুজিত বসু এবং মধ্যমগ্রামের প্রার্থী রথীন ঘোষকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, ভোটের প্রচারে ব্যস্ত থাকায় তাঁরা হাজিরা দিতে পারেননি। সুজিত বসু নিজের ছেলে সমুদ্র বসুর মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র পাঠালেও কেন্দ্রীয় তদন্তকারীরা তাতে সন্তুষ্ট হননি। ফলে ২৪ এপ্রিল তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। তার ঠিক পাঁচদিন আগে এই তলবকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে দেগে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের দাবি, প্রচারের কাজে বাধা দিতেই বারবার হেভিওয়েট প্রার্থীদের বিরক্ত করছে বিজেপি-চালিত এজেন্সি। রথীন ঘোষ স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তিনি প্রচারে ব্যস্ত। তাই, ভোটের পরই ইডি দফতরে যাবেন।
শুধু সুজিত বা রথীন নন, সম্প্রতি জমি দুর্নীতি মামলায় ইডি তলব করেছিল রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমারকেও। তবে, তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে নথিপত্র জমা করে এসেছেন। বেরোনোর সময় আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, "এই হেনস্থায় আমার জয়ের মার্জিন আরও বাড়ল।"

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন