পানিহাটি: ২০২৬-এর বিধানসভা ভোটের লড়াই এবার অন্য মাত্রা নিল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। নির্বাচনের ঠিক মুখেই এই কেন্দ্রের বিজেপি প্রার্থী, অর্থাৎ 'অভয়া'-র মা রত্না দেবনাথকে সমন পাঠাল পুলিশ। তবে, সেই সমন গ্রহণ করেননি তিনি। এই ঘটনা কেন্দ্র করে তপ্ত পানিহাটির রাজনৈতিক আঙিনা।
বিজেপির প্রার্থী হওয়ার পর নির্বাচনী প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে রত্না দেবনাথ একটি মন্তব্য করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিযোগ, সেই মন্তব্যটি ছিল অত্যন্ত কটু ও কুরুচিকর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়িতে সমন পাঠানো হয়।
সমন গ্রহণ না করার পেছনে আইনি ত্রুটির কথা জানিয়েছেন রত্না। তাঁর দাবি, পুলিশের দেওয়া নোটিসে তাঁর স্বামীর নাম ভুল রয়েছে। একইসঙ্গে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, "ওদের (তৃণমূলের) ভাণ্ডারে আমাকে আক্রমণ করার মতো আর কিছু নেই। তাই, সমন পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু, আমি আগেও বলেছি, এখনও বলছি - এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।"
গত সপ্তাহেই পানিহাটিতে প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ না করতে। রত্না দেবনাথ সেই প্রসঙ্গ টেনে এনে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, "ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে, আর অন্যদিকে পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। আমি আমার পৃথিবী, আমার মেয়েকে হারিয়েছি। আমার আর হারানোর কিছু নেই।"
ভোটের আগে এই সমন ইস্যু পানিহাটির ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন