কলকাতা: নিয়োগ দুর্নীতি ও কয়লা পাচারের পর এবার রেশন দুর্নীতির আঁচ টলিউডের অন্দরে। বাংলাদেশে গমপাচার সংক্রান্ত একটি বড়সড় কেলেঙ্কারিতে এবার ইডির নজরে এলেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। আগামী ২২ এপ্রিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধানসভা নির্বাচনের আবহে গ্ল্যামার দুনিয়ার এমন হেভিওয়েট নাম জড়িয়ে যাওয়ায় রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নুসরত জাহান যখন বসিরহাটের সাংসদ ছিলেন, সেই সময় সীমান্ত দিয়ে বাংলাদেশে গম পাচারের একটি বড় চক্র সক্রিয় হয়ে উঠেছিল। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েই এই পাচারচক্রের হদিশ পায় ইডি। অভিযোগ উঠেছে, বসিরহাট সীমান্ত দিয়ে গম পাচারের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবশালী মহলের মদত ছিল। এই পাচারচক্রের কিছু সন্দেহজনক আর্থিক লেনদেনের সঙ্গে নুসরতের পরোক্ষ বা প্রত্যক্ষ যোগ থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। সাংসদ থাকাকালীন এই দুর্নীতির বিষয়ে নুসরত কতটা অবগত ছিলেন, তা জানতেই এই তলব।
যদিও নুসরতকে ২২ এপ্রিল কলকাতায় হাজিরা দিতে বলা হয়েছে, কিন্তু সূত্রের দাবি, অভিনেত্রী তদন্তকারীদের কাছে একটি বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি কলকাতায় নয়, বরং দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে চান। কেন তিনি এই আবেদন করলেন, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও মনে করা হচ্ছে কলকাতায় ভিড় বা সংবাদমাধ্যমের নজর এড়াতেই তাঁর এই পদক্ষেপ।
সম্প্রতি নুসরতকে ভোট ময়দানে সক্রিয় দেখা না গেলেও, শাসকদলের ঘনিষ্ঠ বৃত্তেই তিনি রয়েছেন বলে দাবি সূত্রের। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রশাসনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নুসরতের উপস্থিতি নিয়মিত। এমতাবস্থায় ইডির এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দেগে দিয়ে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয় কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
ব্যক্তিগত জীবনে নুসরত বর্তমানে তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত এবং তাঁদের ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের সুখী পরিবারের ছবি নিয়মিত ভাইরাল হয়। কিন্তু, সিনেমার চিত্রনাট্যের মতোই তাঁর জীবনে এবার ‘রেশন দুর্নীতি’র যে এন্ট্রি দেখা দিল, তার জল কতদূর গড়ায়, সেদিকেই এখন সকলের নজর।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন