কামারহাটি: ঝালমুড়ির মশলায় মিশে যাচ্ছে বঙ্গ-রাজনীতির কড়া ঝাঁঝ! রবিবার ঝাড়গ্রামে নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ভিন্ন মেজাজে ধরা দিলেন মদন মিত্র। বেলঘরিয়া স্টেশনে প্রচারের মাঝে নিজেই ঝালমুড়ি মাখলেন! এবং, তা আমজনতার হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ শানালেন কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী।
সোমবার সকালে কামারহাটি বিধানসভাকেন্দ্রের অন্তর্গত বেলঘরিয়া স্টেশনে প্রচারে বেরিয়েছিলেন মদন মিত্র। আচমকাই তাঁকে দেখা যায় এক ঝালমুড়ি বিক্রেতার আসনে বসে মুড়ি মাখতে! নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া - সকলের হাতে নিজের হাতে মাখা মুড়ি তুলে দেন তিনি। তবে, এই মুড়ি মাখার পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট হয়ে যায় মদনের বক্তব্যেই।
ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি খাওয়া এবং ১০ টাকার নোট বের করে দাম মেটানোকে সরাসরি ‘নাটক’ বলে তকমা দিয়েছেন মদন। এদিন তিনি বলেন, "মোদীজি আমাদের কাছে আশীর্বাদ। উনি যত দোকানে গিয়ে নাটক করবেন, আমরাও তত বেশি মুড়ি খাব। কাল উনি যা খেয়েছেন ওটা ওঁর খাবার নয়, স্রেফ নাটকের খাবার। একবার মুখে দিয়েই ফেলে দিয়েছেন। মোদী বাঙালিকে ঘেন্না করেন। উনি কখনও কাবুলিওয়ালা সাজেন, আবার ভোট প্রচারের শেষ দিন হয়তো সুইপার সেজে আসবেন!"
মদনের দাবি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এবং বাংলার খাবার নিয়ে নাটক করে বাঙালির মন পাওয়া যাবে না। তৃণমূল যা বলে তা কাজে করে দেখায় বলেই মত তাঁর।
প্রথম দফা ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে বঙ্গ-রাজনীতিতে এখন প্রধান চর্চার বিষয় ঝালমুড়ি। একদিকে বিজেপি যখন প্রধানমন্ত্রীর এই সাধারণ মানুষের সঙ্গে মেলামেশাকে ইতিবাচক বলে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূলের হেভিওয়েট নেতারা একে ‘স্ক্রিপ্টেড’ বলে আক্রমণ করছেন। মদন মিত্রের আজকের এই ‘ঝালমুড়ি স্টান্ট’ যে সরাসরি মোদীকে পাল্টা দেওয়ার কৌশল, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক মহলে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন