নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারীকে ফের মেখলিগঞ্জের প্রার্থী করার প্রতিবাদে তৃণমূলের অন্দরে বিদ্রোহ! এবার খোদ দলীয় প্রার্থীর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে শাসক শিবির ছাড়লেন হলদিবাড়ি পৌরসভার তৃণমূল কাউন্সিলর পূরবী রায় প্রধান। বুধবার রাতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামীর হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন তিনি। পূরবী দেবী স্পষ্ট জানিয়েছেন, যে পরেশ অধিকারীর বিরুদ্ধে নিজের মেয়েকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এবং যাঁর জন্য রাজ্যের হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ আজ অনিশ্চিত, তাঁর হয়ে মানুষের দুয়ারে ভোট চাইতে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব। আর সেই নৈতিক কারণেই তিনি তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, পূরবী রায় প্রধান কোচবিহারের হেভিওয়েট রাজনৈতিক পরিবার অমর রায় প্রধানের পুত্রবধূ এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের স্ত্রী। সম্প্রতি অর্ঘ্যবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূরবী দেবীর দলবদল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ১১ আসন বিশিষ্ট তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভায় পূরবী দেবীর এই প্রস্থান ঘাসফুল শিবিরের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, ব্যক্তিগত স্বার্থেই এই দলবদল এবং এতে ভোটের ফলে কোনো প্রভাব পড়বে না। পাল্টাপাল্টি যুক্তি আর অভিযোগের আবহে বিধানসভা ভোটের মুখে মেখলিগঞ্জের রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।
বিষয় : BJP WestBengalElection TMC

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন