ভোটের উত্তাপের মাঝেই মুর্শিদাবাদে বড়সড় ভাঙন ধরল কংগ্রেস শিবিরে। রাহুল গান্ধীর সভার রেশ কাটতে না কাটতেই দল ছাড়লেন প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা রাজ্য যুব কংগ্রেসের সহ-সভাপতি আসিফ ইকবাল। বুধবার নববর্ষের বিকেলে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দিলেন তিনি। ফরাক্কার পাঁচবারের বিধায়ক প্রয়াত মইনুল হকের ভাইপো আসিফ ইকবালের এই দলবদল রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ২০১৮ সালে মুর্শিদাবাদে কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র জেলা পরিষদ সদস্য আসিফ এবার ফরাক্কা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন, এমনকি জমা দিয়েছিলেন মনোনয়নও।
কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেসের অন্দরে সমীকরণ বদলে যায়। আসিফকে 'প্রতীক' না দিয়ে দল প্রার্থী করে মাহাতাব শেখকে। আর এই বঞ্চনার ক্ষোভ থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন আসিফ। তাঁর কথায়, দিনের পর দিন বঞ্চনা সহ্য করেও তিনি দলকে আগলে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই অভিমানই তাঁকে দলবদলে বাধ্য করল। ভোটের মুখে এমন হেভিওয়েট নেতার প্রস্থানে স্বভাবতই বিড়ম্বনায় পড়েছে কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে, আসিফ ইকবালের মতো দক্ষ সংগঠককে কাছে টেনে মুর্শিদাবাদে নিজেদের জমি আরও শক্ত করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই দলবদল জেলার নির্বাচনী লড়াইয়ে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন