আম আদমি পার্টির সঙ্গে রাঘব চাড্ডার সংঘাত এবার চরমে। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার রাঘবের ‘জেড প্লাস’ (Z+) নিরাপত্তাও প্রত্যাহার করে নিল পাঞ্জাব সরকার। দীর্ঘ দিন ধরেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার জল্পনা চলছিল, পাঞ্জাব পুলিশের নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সেই জল্পনায় সিলমোহর দিল। সূত্রের খবর, রাঘবের নিরাপত্তায় মোতায়েন থাকা আধিকারিকদের অবিলম্বে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
দলের সঙ্গে এই টানাপোড়েনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছেন ৩৭ বছর বয়সী এই নেতা। এক সমর্থক যখন রাঘবকে পরামর্শ দেন যে, অন্য কোনও দলে যোগ না দিয়ে তাঁর উচিত নিজস্ব দল গঠন করা, তখন সেই পোস্টে রাঘব নিজে মন্তব্য করেছেন— 'Interesting thought'। তাঁর এই ছোট্ট প্রতিক্রিয়াই এখন রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ‘জেন জি পার্টি’ নাম দিয়ে তরুণ প্রজন্মের জন্য নতুন কোনও প্ল্যাটফর্ম গড়ার পরিকল্পনা করছেন তিনি।
যদিও আপ শিবিরের পাল্টা দাবি, রাঘব তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁর গেরুয়া শিবিরে যোগদান এখন কেবল সময়ের অপেক্ষা। সংসদে মোবাইল ট্যারিফ বা গিগ কর্মীদের অধিকার নিয়ে সওয়াল করে জনপ্রিয় হওয়া রাঘব এখন নিজের নতুন দল গড়বেন নাকি অন্য কোনও শিবিরে নাম লেখাবেন, তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন