কলকাতা: দীর্ঘ ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে কারামুক্ত হতে চলেছেন সারদা চিটফান্ড কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। বুধবার কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের দায়ের করা শেষ দুটি মামলাতেও তাঁর জামিন মঞ্জুর করেছে। আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে এবং সবকিছু ঠিক থাকলে আগামিকাল - অর্থাৎ- বৃহস্পতিবারই প্রেসিডেন্সি জেল থেকে বেরোতে পারেন তিনি।
২০১৩ সালে কাশ্মীরে গ্রেফতার হওয়ার পর থেকেই গারদের পিছনে ছিলেন সুদীপ্ত সেন। তাঁর বিরুদ্ধে রাজ্যে ও ভিনরাজ্যে কয়েকশো মামলা ছিল। সিবিআই-এর রিপোর্ট অনুযায়ী, তাঁর বিরুদ্ধে মোট ৩৮২টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে সিবিআই-এর হাতে থাকা ৭৬টি মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। বাকি রাজ্য পুলিশের মামলাগুলিতেও ধাপে-ধাপে জামিন পাওয়া গেলেও বারাসত আদালতের দুটি মামলার কারণে তাঁর মুক্তি আটকে ছিল।
সম্প্রতি সুদীপ্ত সেন হাইকোর্টে একটি ‘প্রিজনার্স পিটিশন’ দাখিল করেন। সেখানে তিনি দাবি করেন, গত দেড় বছর ধরে তাঁর মামলার কোনও শুনানি হচ্ছে না। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত বুধবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে।
জামিন দিলেও আদালত সাধারণ আমানতকারীদের কথা ভুলে যায়নি। বিচারপতি নির্দেশ দিয়েছেন, সারদা ও তালুকদার কমিটিকে বাজার থেকে তোলা টাকার হিসাব জমা দিতে হবে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বর্তমান খতিয়ান পেশ করতে হবে। আমানতকারীদের বকেয়া টাকার সম্পূর্ণ তালিকা আদালতে জমা দিতে হবে।
সারদা কাণ্ড বাংলার রাজনীতিতে এক বড় মাপের ভূমিকম্প এনেছিল! ১৩ বছর পর সেই সারদাকর্তার জেলমুক্তি যে নতুন করে জল্পনা তৈরি করবে, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার জেল থেকে বেরোনোর পর সুদীপ্ত সেন সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন