কলকাতা: একদিকে যখন তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), ঠিক তখনই ফের জনসমক্ষে এসে শোরগোল ফেলে দিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। কসবা থানার ওসি-র সাসপেনশন থেকে শুরু করে সোনা পাপ্পুর বাড়িতে ইডির ম্যারাথন তল্লাশি - গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে থাকা এই অভিযুক্ত মঙ্গলবার একটি গাড়ির ভিতর বসে ফেসবুক লাইভ করেন। সেখান থেকেই শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি ইডির বিরুদ্ধেও একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি।
লাইভে এসে পাপ্পু সরাসরি প্রশ্ন তোলেন রাকেশ সিংয়ের ভূমিকা নিয়ে। তাঁর দাবি, "অজস্র মামলার আসামি হওয়া সত্ত্বেও রাকেশ সিংকে ‘দুষ্কৃতী’ বলা হচ্ছে না, বরং তাঁকে কলকাতা বন্দর এলাকায় বিজেপির প্রার্থী করা হচ্ছে।" (উল্লেখ্য, বিজেপি এখনও ওই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি)। পাপ্পুর আরও অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশের ঘনিষ্ঠ যোগ রয়েছে এবং ‘হিস্সার’ ভাগ সমান হওয়ার কারণেই রাকেশকে টিকিট দেওয়া হয়েছে! তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে সবাই সতী হয়ে যায়।"
তাঁর বাড়িতে তল্লাশি অভিযানের সময় ইডি আধিকারিকরা তাঁর ৮০ বছরের বৃদ্ধ বাবা এবং স্ত্রীর উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালিয়েছেন বলেও দাবি করেন পাপ্পু। তাঁর অভিযোগ, ডায়াবেটিস রোগী হওয়া সত্ত্বেও তাঁর বাবাকে দীর্ঘ ১৪ ঘণ্টা জল বা শৌচালয় ব্যবহার করতে দেওয়া হয়নি। এমনকী, ইডির আধিকারিকরা বাঙালিদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বলেও তিনি অভিযোগ তোলেন। তাঁর দাবি, তল্লাশিতে কিছু না পেয়ে ইডি নিজেই অস্ত্র রেখে তাঁর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় মিথ্যে মামলা সাজিয়েছে।
লাইভের শেষে সরাসরি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেন সোনা পাপ্পু। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিয়ে তিনি বলেন, "যতই হামলা হোক, জিতবে বাংলাই।" আগামী ৪ মে অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশের দিন তিনি ফের লাইভে আসবেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
যদিও সোনা পাপ্পুর এই দাবি মানতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, গত বুধবার তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২ কোটি টাকা, একটি দামি গাড়ি এবং প্রচুর সম্পত্তির নথি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও সিন্ডিকেট রাজ চালানোর একাধিক এফআইআর রয়েছে। রবীন্দ্র সরোবরের গন্ডগোলের ঘটনায় নাম জড়ানোর পর থেকেই পলাতক এই অভিযুক্তকে ধরতে তল্লাশি জারি রেখেছে পুলিশ ও ইডি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন