নয়াদিল্লি: আমেরিকা, ইজরায়েল এবং ইরানের মধ্যেকার সংঘাত এখন চরম পর্যায়ে। পশ্চিম এশিয়ার এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। সোমবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত বরাবরই আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের পক্ষে। তাঁর মতে, যুদ্ধের চেয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী সমাধান সম্ভব।
আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর ইরানের লাগাতার পালটা হামলা এবং ইজরায়েলের প্রত্যাঘাতে গোটা মধ্যপ্রাচ্য এখন কার্যত রণক্ষেত্র। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। বর্তমান বিশ্বের এই উত্তেজনা গভীর উদ্বেগের বিষয়। তবে মনে রাখতে হবে, দ্বন্দ্বের চেয়ে শান্তির শক্তি সবসময় বেশি।” তিনি আরও বলেন, যখন গণতান্ত্রিক শক্তিগুলি জোটবদ্ধ হয়, তখন শান্তির ভিত্তি আরও মজবুত হয়।
যুদ্ধের কারণে ইরান-সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আটকে পড়েছেন হাজার হাজার ভারতীয় নাগরিক। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী জানান, দিল্লি নিরবচ্ছিন্নভাবে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা ভারতীয়দের কল্যাণের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী উদ্ধারকাজের আশ্বাস দিলেও বর্তমানে একটি বড় প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। যুদ্ধের কারণে ইরান-সহ অধিকাংশ দেশের আকাশসীমা (Airspace) বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, বহু রুটে বিমানচলাচল সম্পূর্ণ স্তব্ধ থাকায় আপাতত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছে। আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত উদ্ধারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে।
বিষয় : narendra modi

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন