কাবুল ও ইসলামাবাদ: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনের মাঝেই এবার দক্ষিণ এশিয়ায় ঘনিয়ে এল চরম সংকট। দীর্ঘদিনের বিবাদের পর এবার সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান। রবিবার গভীর রাতে পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ 'নূর খান বিমানঘাঁটি' লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালাল আফগানিস্তানের তালিবান প্রশাসন। উল্লেখ্য, এর আগে 'অপারেশন সিঁদুরে' এই বিমানঘাঁটিটি একবার ধ্বংস হয়েছিল; সংস্কারের পর ফের সেই ঘাঁটিটিই গুঁড়িয়ে দিল আফগান বায়ুসেনা।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, গত কয়েকদিন ধরে পাকিস্তান যেভাবে তাদের সীমান্তে লাগাতার আকাশপথে হানা দিচ্ছে, তার যোগ্য জবাব দিতেই এই প্রত্যাঘাত। এক্স হ্যান্ডেলে আফগান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাওয়ালপিণ্ডির এই সেনাঘাঁটিতে হামলা চালিয়ে পাক সেনার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। ড্রোন হামলার সেই ভিডিও এবং নূর খান বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ করেছে তালিবান। তাদের হুঁশিয়ারি, পাকিস্তান যদি আগ্রাসন বন্ধ না করে, তবে আগামী দিনে আরও বড়সড় জবাব দেওয়া হবে।
গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। তারপর থেকেই দুই দেশের সীমান্তে গোলাগুলি এবং আকাশপথে হামলা চলছে। ইরান-ইজরায়েল যুদ্ধের সমান্তরালে চলা এই পাক-আফগান যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর মিলছে। যদিও পাকিস্তান বা আফগানিস্তান— কোনও দেশের প্রশাসনই সঠিক মৃতের সংখ্যা নিয়ে এখনও মুখ খোলেনি। তবে রাওয়ালপিণ্ডির মতো স্পর্শকাতর এলাকায় এই হামলা পাক সেনার সুরক্ষা ব্যবস্থার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।
ভারত ও পশ্চিম এশিয়ার পরিস্থিতির ওপর যখন গোটা বিশ্বের নজর, ঠিক সেই সময়েই দুই প্রতিবেশী দেশের এই সরাসরি যুদ্ধ গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে বড়সড় হুমকির মুখে ফেলে দিল।
বিষয় : Pakistan war afghanistan

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন