ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভাঙনের মুখে তৃণমূল। একের পর এক বিধায়ক, সাংসদ এবং শীর্ষ নেতার দলত্যাগে কার্যত চাপে কালীঘাট শিবির। এই পরিস্থিতিতে দলের অবশিষ্ট কর্মী-সমর্থকদের নিয়ে নতুন করে পথচলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে দলত্যাগীদের উদ্দেশ্যে কার্যত খোলা বার্তা দেন তিনি। মমতার কথায়, “যাদের যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগেই সিদ্ধান্ত নিয়ে নিন। বিজেপির চাপ, ইডি-সিবিআইয়ের ভয় বা মামলার কারণে যদি যেতে চান, তাহলে লোটাকম্বল গুছিয়ে চলে যান। কিন্তু দলকে কলুষিত করবেন না।” তিনি আরও বলেন, “কেউ দল ছাড়লে তাতে আমরা দুর্বল হব না। আগামী ২১ জুলাই থেকে আমরা নতুন করে পথচলা শুরু করব। কে থাকল, কে গেল, তা নিয়ে ভাবছি না। যারা থাকবে, তারাই আমাদের শক্তি, তারাই আমাদের স্বর্ণখনি।” এ দিন শহিদ দিবসের অনুষ্ঠান নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, শহিদ পরিবারের সদস্যদেরও ভয় দেখিয়ে অন্য শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যদিও তাঁর বক্তব্য, “তাঁরা যেখানেই যান না কেন, তাঁদের হৃদয় আমাদের সঙ্গেই থাকবে।”
ভোটে বিপর্যয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের ছবি স্পষ্ট। ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্লিকও। রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে এখন প্রশ্ন একটাই - এই ‘নতুন পথচলা’য় কারা থাকবেন মমতার পাশে, আর কারা বেছে নেবেন অন্য রাস্তা?
বিষয় : Mamata Banerjee TMC

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন