শ্রীরামপুর: শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং হুগলি জেলায় মমতা-অভিষেকের সভার প্রথম সারির হেভিওয়েট তৃণমূল নেতা সুরজিৎ মণ্ডলের দাদাগিরির এবার অবসান ঘটল। হুগলি জেলা পরিষদের প্রাক্তন এই তৃণমূল সদস্য তথা এলাকার ব্যবসায়ীদের 'ত্রাস' হিসেবে পরিচিত সুরজিৎ মণ্ডলকে তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ।
তৃণমূল জমানায় নেতার ক্ষমতার দাপট এতটাই ছিল যে, তাঁর ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটতেই পাশা সম্পূর্ণ উলটে গিয়েছে। রবিবার চণ্ডীতলা থানা থেকে সুরজিৎ মণ্ডলকে শ্রীরামপুর আদালতে তোলার সময় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা। পুলিশ ভ্যান লক্ষ্য করে ওঠে ‘চণ্ডীতলার চোর’ স্লোগান, যা নিয়ে আদালত চত্বরে চরম উত্তেজনা ছড়ায়।
'দেবরাজের মতো আরও অনেক স্যাম্পেল আছে'— বিস্ফোরক দাবি দিলীপের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুনোপুটি নন, হুগলি জেলা রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই নেতা এক ব্যক্তিকে ভয় দেখিয়ে ও প্রভাব খাটিয়ে সরাসরি ১০ লক্ষ টাকা আদায় করেছিলেন। শুধু তাই নয়, দাবি মতো টাকা দিতে না পারলে ভুক্তভোগীকে লাগাতার খুনের হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ। তবে এবার ওই অভিযোগকারী ব্যক্তি টাকা আদায়ের সমস্ত অকাট্য তথ্যপ্রমাণ ও নথিপত্র পুলিশের হাতে তুলে দিতেই সুরজিতের পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। এলাকায় কল্যাণ-ঘনিষ্ঠ এই নেতার প্রতিপত্তি এতটাই ছিল যে, তাঁর স্ত্রী বর্তমানে হুগলি জেলা পরিষদের সদস্য। পঞ্চায়েত ভোট পরবর্তী ভয়াবহ হিংসা থেকে শুরু করে সরকারি সম্পত্তি দখল—একের পর এক সমাজবিরোধী কাজে সুরজিতের নাম জড়িয়েছে বারবার।
সুরজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলে তাঁর অত্যাচারের একাধিক বিস্ফোরক খতিয়ান তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। মঞ্জু ঘোষ নামের এক বিজেপি কর্মী ক্ষোভ উগরে দিয়ে জানান, ২০১৭ সাল থেকে সুরজিৎ মণ্ডলের নির্দেশেই তাঁর বিরুদ্ধে একের পর এক ১৭টি সম্পূর্ণ মিথ্যা মামলা চাপিয়ে তাঁকে জেলের ভাত খাওয়ানো হয়েছিল এবং দিনের পর দিন বিজেপি কর্মীদের ওপর অকথ্য অত্যাচার চালানো হতো।
তিনি আরও কটাক্ষ করে বলেন, যে তৃণমূল নেতারা কয়েক বছর আগে ছেঁড়া জামা পরে ঘুরতেন, তৃণমূলের ক্ষমতার অলিন্দে আসতেই আজ তাঁদের বিপুল বৈভব আর কোটি কোটি টাকার প্রতিপত্তি দেখে সাধারণ মানুষের তাক লেগে যায়। সুরজিতের এই বিপুল সম্পত্তি ও বেআইনি আয়ের উৎস ঠিক কী, তা জানতে এবার আদালতের অনুমতি নিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ম্যারাথন জেরা শুরু করতে চলেছে পুলিশ।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন