একুশের জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা আটকে সভা করার অভিযোগে শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। এরপর দু'সপ্তাহের মধ্যে জবাব জমা পড়লে ১৭ আগস্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এদিন শুনানিতে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কে লড়বেন, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর না মেলায় আদালত জানায়, তাঁর বিরুদ্ধেও রুল জারি করতে হবে। উল্লেখ্য, সম্প্রতি অভিষেকের একটি মামলায় আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন, অভিষেকের হয়ে আর কোনও মামলা লড়বেন না। এই মামলার সূত্রপাত ২০১৮ সালে। রাজনৈতিক দলগুলির সভা-মিছিলের জেরে সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তখন হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, কোনও রাজনৈতিক সভার জন্য প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করা যাবে না। পথচারী, যানবাহন ও অ্যাম্বুল্যান্স চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে এবং প্রয়োজন হলে বিকল্প রুটের ব্যবস্থা করতে হবে।
আদালতের পর্যবেক্ষণ, সেই নির্দেশ থাকা সত্ত্বেও একুশের জুলাইয়ের সমাবেশে বারবার রাস্তা অবরুদ্ধ করা হয়েছে। সেই কারণেই আদালত অবমাননার অভিযোগে এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হলফনামা চেয়ে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন